তিয়ানজিনে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগর তিয়ানজিনে বুধবার রাতের ভয়াবহ বিস্ফোরণ থেকে লাগা আগুন অন্তত গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জ্বলছিল। ওই বিস্ফোরণে অন্তত ৫৬ জন নিহত ও কমপক্ষে ৭০০ জন আহত হয়। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ধ্বংসস্তূপ থেকে গতকাল ফায়ার সার্ভিসের এক কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন নেভানোর সময় বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের অনেক কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল।
স্থানীয় সরকারি কর্মকর্তারা গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন গুদামে রাখা কোন পদার্থ থেকে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তখনো জানা যায়নি। তবে চীনের সংবাদমাধ্যম এবং পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলছে, তিয়ানজিনের ওই বাণিজ্যিক এলাকায় সম্ভবত মারাত্মক বিপজ্জনক রাসায়নিক পদার্থের মজুত ছিল। বেইজিং নিউজ পত্রিকা লিখেছে, ঘটনাস্থলে অন্তত ৭০০ টন সোডিয়াম সায়ানাইড এবং অন্যান্য বিপজ্জনক পদার্থ ও বিষাক্ত রাসায়নিক উপাদান ছিল। আশপাশের বিভিন্ন নর্দমা থেকে এসব পদার্থ শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনটি পত্রিকাটির অনলাইন সংস্করণ থেকে পরে সরিয়ে নেওয়া হয়। এতে ঘটনাটি সম্পর্কে সংবেদনশীল তথ্য প্রকাশে সরকারের বিধিনিষেধ আরোপের ব্যাপারে সন্দেহ আরও জোরালো হয়েছে।
বিস্ফোরণের পর বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হওয়ার আশঙ্কা করছে তিয়ানজিনের বাসিন্দারা। শহরের ফায়ার সার্ভিসের প্রধান ঝু তিয়ান বলেন, ঘটনাস্থলে গতকাল এক হাজারের বেশি উদ্ধারকর্মী এবং ১৪০টি ফায়ার ইঞ্জিন মোতায়েন ছিল। বিস্ফোরণের শিকার কারখানাটির বহু কর্মী গতকালও নিখোঁজ ছিলেন।
বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথম দফায় আগুনের ওপর পানি ছুড়ে মারার যে কৌশল প্রয়োগ করেছেন, তা সঠিক ছিল বলে চীনের সরকারি কর্তৃপক্ষ দাবি করেছে। বিদেশি বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, এভাবে পানি দেওয়ার কারণেই হয়তো বড় বড় দুটি বিস্ফোরণ হয়েছিল।
এদিকে চীন সরকার গতকাল ঘোষণা করেছে, বিপজ্জনক রাসায়নিক ও বিস্ফোরক পদার্থের খোঁজে দেশজুড়ে অনুসন্ধান চালানো হবে। তিয়ানজিনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা থেকে ‘অর্থবহ’ শিক্ষা নেওয়ার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।