তুরস্কে পত্রিকার নিয়ন্ত্রণ নিল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ‘জামান’ পত্রিকার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। গতকাল শুক্রবার মধ্যরাতে তুরস্কের রাজধানীর ইস্তাম্বুলে পত্রিকাটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

পত্রিকাটি সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে—আদালতের এমন নির্দেশের পর জামানের প্রধান কার্যালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভ করে। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এর পর কার্যালয়ের ভেতরে অভিযান চালায়।

‘জামান’ নামের ওই পত্রিকার বিরুদ্ধে অভিযোগ, তারা দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। অভিযোগ রয়েছে, পত্রিকাটির সঙ্গে এরদোয়ানের চির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

আদালতের নির্দেশ ও পুলিশি অভিযানের অর্থ হলো, পত্রিকাটি চালাতে আদালত নতুন ব্যবস্থাপক নিয়োগ করবে। আদালত এমন নির্দেশের বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

গতকাল শুক্রবার আদালতের নির্দেশের পর জামান পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। সেখানে লেখা ছিল ‘আমরা স্বাধীন গণমাধ্যমের জন্য লড়াই করছি, আমরা চুপ করে থাকব না।’ জামান পত্রিকার প্রধান সম্পাদক আবদুল হামিদ বিলিসি বলেন, গণতন্ত্র বজায় থাকবে। গণমাধ্যমের মুখ বন্ধ করা যাবে না। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পত্রিকাটির ভবনে অভিযান চালায়।

এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, তুরস্কের সরকার বিচারিক ও আইনগত পদক্ষেপের মাধ্যমে গণমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বলেন, তুর্কি সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।