তুরস্কের পোশাক কারখানায় সিরিয়ার শরণার্থী শিশু

তুরস্কে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের কাপড় কারখানাগুলোয় কাজ করছে সিরিয়া থেকে যাওয়া শরণার্থীরা। এই শ্রমিকদের মধ্যে শিশুরাও রয়েছে। কারখানায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মজুরিও দেওয়া হচ্ছে অনেক কম। বিবিসির এক গোপন অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।
অনুসন্ধানের সময় ব্রিটিশ মার্কস অ্যান্ড স্পেনসার এবং অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠান আসসের মতো প্রতিষ্ঠানগুলোর কারখানায় শরণার্থী শিশুদের কাজ করতে দেখা গেছে। জারা ও ম্যাঙ্গো জিনসের মতো প্রতিষ্ঠানগুলোর কারখানায়ও অবৈধভাবে কাজ করছে সিরিয়ার প্রাপ্তবয়স্ক শরণার্থীরা। অথচ এসব প্রতিষ্ঠানের সবগুলোই দাবি করে, তারা সব সময় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং শরণার্থী বা শিশুদের ওপর শোষণ প্রশ্রয় দেয় না।
বিবিসির অনুসন্ধানে জানা গেছে, তুরস্কে মার্কস অ্যান্ড স্পেনসারের মূল কারখানায় সিরিয়ার সাত শ্রমিক কাজ করছে। ঘণ্টাপ্রতি তাদের মজুরি এক পাউন্ডের কিছু বেশি, যা তুরস্কে নির্ধারিত সর্বনিম্ন মজুরির চেয়ে যথেষ্ট কম। মধ্যস্থতাকারী ব্যক্তিদের মাধ্যমে এই শরণার্থীরা কাজ পেয়েছে এবং তাদের মজুরিও পরিশোধ করা হয় কারখানার বাইরে, সড়কে।
শরণার্থী শ্রমিকদের একজন বিবিসির কাছে অভিযোগ করে বলেন, কারখানায় তাঁদের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করা হয় না। সিরিয়ার কোনো শ্রমিক সামান্য ভুল করলেও তাকে কাপড়ের মতোই ছুড়ে ফেলা হয়।
অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে কারখানায় প্রস্তুত কাপড়গুলো ইস্ত্রি করা হয়। এই কাজের দায়িত্বে থাকা শ্রমিকদের মধ্যে ১৫ বছর বয়সী এক সিরীয় শিশু রয়েছে। তাকে দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হয়।