তুরস্কের বিরুদ্ধে জাতিসংঘে সিরিয়ার নালিশ
সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি যোদ্ধাদের দখল করে নেওয়া এলাকায় তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলা নিক্ষেপ করে যাচ্ছে এবং সেখানে দেশটি প্রায় ১০০ ‘সেনা অথবা ভাড়াটে খুনি’ ঢুকিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া সরকার। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার এ বিষয়ে জাতিসংঘে চিঠি দিয়ে তুরস্কের বিরুদ্ধে নালিশ করেছে।
তবে তুরস্ক বলেছে, তারা সিরিয়ায় কোনো সেনা বা ভাড়াটে যোদ্ধা পাঠায়নি; পাঠানোর কোনো পরিকল্পনাও তাদের আপাতত নেই। তবে কুর্দিরা সরে না গেলে তুরস্ক গোলা নিক্ষেপ চালিয়ে যাবে বলে জানিয়েছে। ফ্রান্স তুরস্ককে গোলা নিক্ষেপ বন্ধ করতে বলেছে। ফ্রান্স মনে করছে এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। খবর বিবিসির।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর তুর্কি সীমান্ত লাগোয়া এলাকা তুরস্কের সমর্থনপুষ্ট একটি আসাদবিরোধী গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। রাশিয়া বিমান হামলা শুরু করার পর ওই বিদ্রোহীরা সেখান থেকে সরে যায়। সেখানকার নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সরকারবিরোধী ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) সশস্ত্র শাখা সিরিয়ান কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি)। এই কুর্দি যোদ্ধাদের সঙ্গে তুরস্কের নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের যোগসূত্র আছে বলে অভিযোগ তুলে গত শনিবার থেকে তাদের ওপর কামানের গোলা হামলা শুরু করে তুরস্ক। এই কুর্দিরা সিরিয়ার সরকারবিরোধী হলেও তুরস্ক তাদের হুমকি বলে মনে করে।
গতকাল সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান বরাবর দুটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে সিরিয়া অভিযোগ করেছে, তুরস্ক তার সীমানায় কামানের গোলা ছুড়ে সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। চিঠিতে এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।
তবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইসমেত ইলমাজ গতকাল দেশটির পার্লামেন্টারি কমিশনকে বলেন, তাঁরা সিরিয়ায় কোনো সেনা বা ভাড়াটে যোদ্ধা পাঠাননি। সেখানে সেনা পাঠানোর পরিকল্পনাও আপাতত নেই। এর আগে শনিবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, কুর্দিদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার সীমান্তের ওপারেও হামলা চলবে।
এদিকে, রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মস্কো সিরিয়ায় অনির্দিষ্টকাল সামরিক অবস্থান ধরে রাখতে চায় না। সুনির্দিষ্ট কিছু লক্ষ্য সামনে রেখে রাশিয়া সেখানে অভিযান চালাচ্ছে। সেগুলো পূরণ হলেই রাশিয়া সিরিয়া থেকে ফিরে আসবে।