তুর্কি রাষ্ট্রদূতকে তলব ইরাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বাগদাদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলের কাছে তুর্কি সেনা মোতায়েনের প্রতিবাদ জানাতে ওই পদক্ষেপ নিয়েছে বাগদাদ। একই সঙ্গে আঙ্কারাকে দ্রুত তাদের সেনা প্রত্যাহার করতে বলেছে বাগদাদ।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার অভিযোগ করেছে, বাগদাদের অনুমতি ছাড়াই ইরাকি ভূখণ্ডে তুর্কি সেনারা প্রবেশ করেছে। একে ‘বৈরী কাজ’ হিসেবে বিবেচনা করছে ইরাক।

তুরস্ক বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে ইরাকি কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দিতে তারা ১৫০ জন সেনা মোতায়েন করেছে।

গত বছর থেকে মসুল আইএসের নিয়ন্ত্রণে আছে।

ওই সেনা মোতায়েনকে রুটিন পালাক্রম হিসেবে বর্ণনা করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। তাঁর দাবি, ইরাকের সঙ্গে সমন্বয় করে এক বছর আগে মসুলের কাছে একটি শিবির স্থাপন করেছে তুর্কি বাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় স্বেচ্ছাসেবীদের বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য শিবিরটি স্থাপন করা হয়।