তৃতীয়বার পেছাল নেপালের দ্বিতীয় ধাপের নির্বাচন
নেপালে ২৩ জুন অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন তৃতীয়বারের মতো পিছিয়ে গেল। পবিত্র রমজান মাসের মধ্যে পড়ে যাওয়ায় মুসলমান সম্প্রদায়ের উদ্বেগের মুখে নির্বাচনের তারিখ পিছিয়ে ২৮ জুন নির্ধারণ করা হয়েছে।
কুমার খাদকা নামের এক মন্ত্রী গতকাল বুধবার বলেন, ২৩ জুন মুসলমানদের জন্য পবিত্র একটি দিন। নির্বাচনের তারিখ পড়েছিল ওই দিনটিতেই। তাদের অনুরোধে সরকার নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেয়।
হিন্দু-অধ্যুষিত নেপালে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা মোট জনসংখ্যার ৪ শতাংশের কিছু বেশি।
নির্বাচনের জন্য নতুন নির্ধারিত তারিখটি পড়েছে ভরা বর্ষাকালের মধ্যে। সে সময় ভোটকেন্দ্রে আসতে প্রচণ্ড দুর্ভোগে পড়তে হতে পারে প্রত্যন্ত অঞ্চলের লোকজনকে। দেশটিতে বর্ষাকালের স্থায়িত্ব প্রায় তিন মাস। জুনের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত। তখন এক স্থান থেকে অন্য স্থানে স্বচ্ছন্দে চলাচল করতেও হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে।
স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ গত ১৪ মে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠানের তারিখ প্রথমে নির্ধারিত ছিল ১৪ জুন। তারপর তা পিছিয়ে ২৩ জুন নির্ধারণ করা হয়েছিল।
নেপালে সর্বশেষ ১৯৯৭ সালে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় নির্বাচিত সরকার প্রতিনিধিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০০২ সালে। ২০০৪ সালে একটি শান্তিচুক্তির মধ্য দিয়ে সরকার ও মাওবাদী বিদ্রোহীদের ১০ বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটে। পরে মাওবাদীরা নতুন সংবিধান প্রণয়নের দাবি তোলেন। ২০০৮ সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁরা সাধারণ নির্বাচনে বিজয়ী হন। এরপর ২০০৮ সালে দেশটির ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।