তেল পাইপলাইন স্থাপনে নেপাল ও ভারতের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পাইপলাইনের সাহায্যে নেপালে জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে ভারত। উভয় দেশের মধ্যে এ পাইপলাইন স্থাপনের জন্য গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নেপালের বাণিজ্য ও সরবরাহমন্ত্রী সুনীল বাহাদুর থাপা চুক্তিতে স্বাক্ষর করেন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এই প্রথম দুই দেশের জ্বালানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপিত হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ভারতের জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) ওই পাইপলাইন স্থাপন করবে। পাইপলাইন স্থাপন ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি রুপি। ভারতই এ ব্যয়ভার বহন করবে। বিনিময়ে নেপাল আগামী ১৫ বছর ইন্ডিয়ান অয়েল করপোরেশনের কাছ থেকে জ্বালানি তথা পেট্রল, ডিজেল ও কেরোসিন কিনবে। তবে অন্যান্য সুযোগ-সুবিধার জন্য নেপালকে ৭৫ কোটি রুপি ব্যয় করতে হবে।
ভারতে পাইপলাইন হবে দুই কিলোমিটার এলাকাজুড়ে। আর নেপালে থাকবে ৩৯ কিলোমিটার জায়গাজুড়ে। নেপাল সরকারের কাছ থেকে সব ধরনের নিশ্চয়তা পাওয়ার পর পরবর্তী ৩০ মাসের মধ্যে এই পাইপ স্থাপনের কাজ শেষ করবে ভারত।
সাধারণত নেপাল জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভরশীল। বর্তমানে ট্রাক কিংবা ট্যাংকে করে নেপালে জ্বালানি পাঠানো হয়। এই পাইপলাইন স্থাপনের কথা আগে থেকে শুরু হলেও ২০০৬ সালের দিকে আলোচনা থমকে যায়। কারণ, ওই সময় শর্ত হিসেবে দুই দেশই পাইপলাইন স্থাপনের ব্যয় বহন করার কথা বলেছিল।