ত্রাণ না পেয়ে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নেপালের ভূমিকম্প-দুর্গত গ্রামীণ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। এতে করে প্রচণ্ড ক্ষোভ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন মাসে নেপালের জন্য জরুরি সহায়তা হিসেবে ৪১ কোটি ৫০ লাখ ডলারের সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপি ও বিবিসির।
নেপালের কিছু দুর্গত এলাকার লোকজন জানিয়েছে, তাদের কাছে এখনো খাবার সামগ্রী বা ওষুধ কিছুই পৌঁছায়নি। বিশেষ করে রাজধানী কাঠমান্ডুর উত্তর-পূর্ব এলাকার গ্রামগুলোতে ত্রাণ না পেয়ে লোকজনের মাঝে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ওই এলাকায় থাকা একজন সাংবাদিক জানান, সেখানে এমন কোনো ভবন নেই, যা ভূমিকম্পের আঘাত থেকে অক্ষত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মৃতদেহ আটকা পড়ে আছে। অথচ সেখানে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রম দেখা যাচ্ছে না।
স্থানীয় দেউপুর সিপাঘাট কাবেরি গ্রামের বাসিন্দা ধন বাহাদুর শ্রেষ্ঠ বলেন, ‘কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কাছ থেকে কোনো সহায়তা না পেলে আমরা মারা যাব। আমরা না খেয়েই মারা যাব। এ ছাড়া কলেরার মতো রোগে আক্রান্ত হওয়ার হার বাড়ছেই। এটা অচিরেই মহামারির আকার ধারণ করতে পারে।’
অনুসন্ধানে গিয়ে প্রত্যন্ত ওই এলাকায় অবতরণ করতে সক্ষম হয়েছে কয়েকটি হেলিকপ্টার। এর ক্রু সদস্যরা সহায়তা না পেয়ে ক্ষুব্ধ লোকজনের তোপের মুখে পড়েন।
আরেক গ্রাম সংঘচকের ক্ষুব্ধ বাসিন্দারা গাড়ির টায়ার দিয়ে প্রধান সড়ক অবরোধ করে। এতে করে বিভিন্ন যান সেখানে আটকা পড়ে। গ্রামবাসী ত্রাণবাহী কিছু সামরিক ট্রাককেও আটকে দেয়। এ সময় সশস্ত্র সেনাদের সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা শুরু হয়।
জাতিসংঘ বলেছে, শনিবারের প্রচণ্ড ভূমিকম্পে ৮০ লাখের বেশি মানুষ প্রভাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি ৭০ হাজার বাড়িঘর। এসব মানুষের জন্য অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে হবে।
এভারেস্টে আবার আরোহণ শুরু আগামী সপ্তাহে: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণের লক্ষ্যে অভিযাত্রা আগামী সপ্তাহ থেকে আবার শুরু হবে। নেপালের সরকার গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে হিমালয়ে তুষারধসে ১৮ জনের মৃত্যুর ঘটনার পর থেকে পর্বতারোহণ বন্ধ রয়েছে।
গত শনিবার নেপালে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে সাড়ে পাঁচ হাজার লোকের প্রাণহানির পাশাপাশি অন্তত ১১ হাজার মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা সরকারের।