ত্রাণবহরে হামলায় রাশিয়াকে দুষল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গত সোমবার জরুরি ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকের বহরে হামলার জন্য রাশিয়াকে দায়ী করল যুক্তরাষ্ট্র। ওই হামলার পর জাতিসংঘ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ বহরের চলাচল স্থগিত করে।

ত্রাণ বহরে হামলাকে ‘ব্যাপক মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ার দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান এ হামলা চালায়। তাঁরা বলেন, এমন দক্ষ হামলা চালানোর ক্ষমতা সিরিয়ার সেনাবাহিনীর নেই।

এদিকে ত্রাণ বহরে হামলার পরদিনই গত মঙ্গলবার আলেপ্পোর কাছেই দাতব্য সংগঠন ইউওএসএসএম-এর চার স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

ত্রাণ বহরে হামলার বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র বেন রোডস বলেন, হয় সিরিয়ার সরকারি বাহিনী না হয় রাশিয়ার বাহিনী এ হামলা চালিয়েছে। আমরা মনে করি, রাশিয়ার সরকার এই হামলার জন্য দায়ী।

এর আগে জাতিসংঘ বলেছিল, হামলা কে চালিয়েছে তা নির্ধারণ করার মতো অবস্থায় তারা নেই।

তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ছবি দেখে মনে হচ্ছে এ ঘটনা বিমান থেকে ফেলা বোমায় হয়নি। ঘটনা ঘটেছে আগুন লেগে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।

ত্রাণবাহী ট্রাকের বহরে থাকা ৩১টি ট্রাকের মধ্যে ১৮টি বিধ্বস্ত হয়। এতে ২০ জন ত্রাণকর্মী নিহত হন। তাঁদের মধ্যে জাতিসংঘ ছাড়াও রেডক্রস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ছিলেন। ত্রাণবহরটি যাচ্ছিল সিরিয়ার শহর আলেপ্পোতে। সেখানে লক্ষাধিক মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে।

এক সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত সোমবার থেকে আবার জোর লড়াই শুরু হয়েছে সিরিয়ায়।

এদিকে সিরিয়ার যুদ্ধ বন্ধে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি এক বৈঠকে মিলিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামীকাল শুক্রবার দুই নেতা আবার বৈঠক করবেন।