থাই জান্তার ২০ বছরের কর্মপরিকল্পনা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সামরিক জান্তা গত বৃহস্পতিবার দেশ পরিচালনার জন্য পরবর্তী ২০ বছরের একটি ‘মহাপরিকল্পনার’ কথা ঘোষণা করেছে। জান্তা বলছে, দেশটির পরবর্তী বেসামরিক সরকারগুলো এটি অনুসরণ করতে আইনগতভাবে বাধ্য থাকবে। মনে করা হচ্ছে, এ ঘোষণার মধ্য দিয়ে শীর্ষ সেনা কর্মকর্তারা আগামী বেশ কিছুদিনের জন্য নিজেদের রাজনৈতিক প্রভাব বহাল রাখার ইঙ্গিত দিলেন।
২০১৪ সালের অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডের সেনাবাহিনী দেশটি নিয়ন্ত্রণ করছে। সে বছর কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। সেনাবাহিনীর যুক্তি, এক দশকের বেশি সময় ধরে বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার ইতি টেনে সংস্কারপ্রক্রিয়া শুরু এবং দুর্নীতি নির্মূল করার জন্য ওই অভ্যুত্থান অপরিহার্য ছিল। তবে সমালোচকেরা বলছেন, জনগণের স্বাধীনতা সাংঘাতিকভাবে খর্ব হচ্ছে এবং জান্তা সরকার যে সময়ের মধ্যে বেসামরিক শাসন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার খেলাপ করতে চলেছে।
২০১৪ সালে রাজনৈতিক গোলযোগের মধ্যে ক্ষমতা দখল করে সেনা সরকারের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা বলেছিলেন, সামরিক বাহিনী দেড় বছরের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়বে।
মেজর জেনারেল ওয়েরাচন সুকন্দাপাতিপাক ব্যাংককে বৃহস্পতিবার বিদেশি কূটনীতিক ও সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, দেশে সংস্কার বাস্তবায়নের জন্য সময় ও দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ দরকার। তাই সরকার মহাপরিকল্পনা হিসেবে ২০ বছরের জাতীয় কৌশল গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
জেনারেল সুকন্দাপাতিপাকের ঘোষণায় প্রস্তাবিত নীতিমালার বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। তিনি বলেছেন, ২০ বছরের ওই পরিকল্পনা থাইল্যান্ডকে দুর্নীতি মোকাবিলার মাধ্যমে উচ্চ আয়ের দেশে পরিণত হতে সাহায্য করবে।
থাই সামরিক বাহিনী দেশটিতে গত শতকে বেশ কয়েকবার সফল অভ্যুত্থান ঘটাতে সমর্থ হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সর্বশেষ পরিকল্পনার মাধ্যমে তারা আরেকবার সেনা-নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করার ইঙ্গিত দিচ্ছে। ১৯৮০-এর দশকের অধিকাংশ সময় বেসামরিক প্রশাসনের ওপর সেনাবাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ ছিল।
ইংলাকের অভিযোগ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল শুক্রবার অভিযোগ করেছেন, জান্তা সরকার তাঁর পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ইংলাক দাবি করেন, সরকার তাঁর বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত থাকসিন সিনাওয়াত্রার ওপর ৪৫ কোটি মার্কিন ডলার করের বোঝা চাপিয়ে দিয়েছে। থাই রাজস্ব বিভাগ বলছে, থাকসিনের মালিকানাধীন টেলিকম কোম্পানি শিন করপ ১১ বছর আগে ওই পরিমাণ আয়কর বকেয়া রেখেছিল।