থাই যুবরাজের সিংহাসনে অভিষেক ১ ডিসেম্বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের যুবরাজ মহা ভাজিরালংকর্ন। ছবি: রয়টার্স
থাইল্যান্ডের যুবরাজ মহা ভাজিরালংকর্ন। ছবি: রয়টার্স

১ ডিসেম্বর থাইল্যান্ডের যুবরাজ মহা ভাজিরালংকর্ন সিংহাসনে আরোহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে দেশটিতে প্রস্তুতি চলছে। জ্যেষ্ঠ দুই সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক​ প্রতিবেদনে এ কথা জানিয়েছে। 


দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬ কোটি ৭০ লাখ লোকের দেশ থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মারা যান। তাঁর উত্তরাধিকারী হিসেবে যুবরাজ মহা ভাজিরালংকর্ন সিংহাসনে আরোহণ করার কথা। তবে ভূমিবলের মৃত্যুর পর থাই সরকার এক বছরের শোক ঘোষণা করে। এর আগে জানানো হয়েছিল, এই এক বছর পার না হওয়া পর্যন্ত যুবরাজ মহা ভাজিরালংকর্নের সিংহাসনে আরোহণ উৎসব হবে না।

নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। ১ ডিসেম্বর সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সিংহাসনে আরোহণের সময়সীমা নির্ভর করবে যুবরাজের ওপর।’ জ্যেষ্ঠ আরেকজন সামরিক কর্মকর্তা বলেন, ব্যক্তিগত ব্যবসায়িক কাজে গত সপ্তাহে যুবরাজ মহা ভাজিরালংকর্ন জার্মানির উদ্দেশে দেশ ​ছেড়েছেন।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা বলেছিলেন, রাজা ভূমিবলের মৃত্যুর ৭ থেকে ১৫ দিনের মধ্যে নতুন রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আসীন হবেন যুবরাজ। তখন যুবরাজ বলেছিলেন, আপাতত সিংহাসনে আরোহণ নয়, তিনি জনগণের সঙ্গে শোকে শামিল হতে চান।

১৯৪৬ সাল থেকে অর্থাৎ সাত দশক ধরে থাইল্যান্ডের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ভূমিবল। দেশের জনগণের হৃদয়েও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে শ্রদ্ধার আসনে ছিলেন তিনি। ১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। চলতি বছরের জুনে তাঁর সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করা হয়। ৬৪ বছর বয়সী যুবরাজ মহা ভাজিরালংকর্ন ভূূমিবলের একমাত্র ছেলে ।