থাই সংবিধানে বড় পরিবর্তন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের খসড়া সংবিধানে বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। দেশটির সামরিক সরকারের অধীন সংবিধান প্রণয়ন কমিটির একজন মুখপাত্র গত শুক্রবার এ কথা বলেছেন। খবর রয়টার্সের।
থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের এক বছর পূর্ণ হবে কয়েক দিন পরেই। এ অবস্থায় দেশটির জাতীয় সংস্কার পরিষদ নতুন সংবিধানের খসড়া তৈরির যে উদ্যোগ নিয়েছে, তাকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করেছেন বিরোধী রাজনীতিকেরা। সপ্তাহব্যাপী আলোচনার পর তৈরি সংবিধানের খসড়াটি মন্ত্রিসভা এবং জান্তা কর্তৃপক্ষের কাছে পাঠাবে পরিষদ।
খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৬ সদস্যের একটি কমিটি নিয়োগ করেছিল থাই জান্তা। দেশটির সংবিধানে ১৯৩২ সাল থেকে এ নিয়ে ২০তম পরিবর্তন করা হচ্ছে। নতুন সংবিধান অনুযায়ী দেশটিতে একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন নিয়ে ক্ষমতায় বসবেন।
সংবিধানবিষয়ক কমিটির মুখপাত্র জেনারেল লারত্রাত রতনভানিচ বলেন, সংবিধানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে নির্বাচনী ব্যবস্থাসহ কিছু মৌলিক বিষয় পরিবর্তন করা হবে না।