থাইল্যান্ডে উদ্ধার তিনটি কঙ্কাল বাংলাদেশিদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ে একটি গণকবর থেকে আজ শনিবার বিকেলে তিনটি জীর্ণ কঙ্কাল উদ্ধার করেছে সে দেশের পুলিশ। কঙ্কাল তিনটি হয় মিয়ানমার কিংবা বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাওয়া অভিবাসীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার বর্ডার এলাকা থেকে কয়েকশ মিটার দূরে শঙ্খল প্রদেশের সাদাও জেলার প্রত্যন্ত একটি জঙ্গলে এ কবরটি সম্প্রতি আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে মানবপাচারকারীরা অভিবাসীদের অপহরণ করে এনে পরিবারের কাছ থেকে মুক্তিপণ না পাওয়া পর্যন্ত এ পাহাড়ের কাছে গোপন ক্যাম্পে রেখে অত্যাচার করত। যাঁরা মারা যেত তাঁদের এভাবে গণকবর দেওয়া হতো। আবিষ্কৃত অগভীর কবরটি বাঁশ ও কাদা দিয়ে ঢাকা ছিল। ওই এলাকায় এ রকম আরও ২০টি গণকবর নিয়ে থাইল্যান্ডের পুলিশ তদন্ত চালাচ্ছে।
ওই এলাকা থেকে ২৫ ও ৩৫ বছর বয়সী বেঁচে যাওয়া দুজনকে উদ্ধার করে। তাঁরা ডাক্তারকে জানায় অসুস্থ থাকা সত্ত্বেও তাঁদের সেখানে মাসের পর মাস কাটাতে হয়েছিল। সেখানে তাঁদের খুবই অল্প পরিমাণে খাবার দেওয়া হতো। থাইল্যান্ডের পাডাং বেসার হাসপাতালের ডাক্তার এএফপিকে জানায়, ‘দুজনই অপুষ্টিতে ভুগছিল। দুজনের মাথায় ছিল উকুন ও গায়ে পাঁচড়া।’
৩৫ বছর বয়সী লোকটি দোভাষিকে জানান, দুই মাস ধরে তাঁর জ্বর ছিল। ওই অবস্থায় তাঁকে পাহাড়ে চড়তে হয়েছিল। ডাক্তারের মতে নিশ্চিত করে কিছু বলা না গেলেও ধারণা করা হচ্ছে লোকটি মিয়ানমার অথবা বাংলাদেশ থেকে এসেছেন।
অভিবাসীদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু থাইল্যান্ডের পুলিশ প্রধান পুরো জিনিসটিকে বর্ণনা করেছেন ‘ভারচুয়াল প্রিজন ক্যাম্প’ হিসেবে, যেখানে মানুষ ছিল অসুস্থ অথবা মৃত।
মালয়েশিয়ার সঙ্গে এই বর্ডার এলাকাটি থেকেই বেশির ভাগ মানব পাচার হয় এবং এলাকাটি গোপন ক্যাম্পের জন্য কুখ্যাত। এখানে সাধারণত অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় না হওয়া পর্যন্ত অভিবাসীদের রাখা হতো।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার পরিচালক ব্র্যাড আডামস বলেছেন, থাইল্যান্ডে মানব পাচারের সমস্যাটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি অপরাধীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।