থাইল্যান্ডে ছাত্রাবাসে আগুন, ১৭ শিশুর মৃত্যু
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং রাই এলাকায় উপজাতি শিশুদের একটি ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৭ মেয়েশিশু মারা গেছে। আহত হওয়া ছাড়াও নিখোঁজ রয়েছে কয়েকজন।
স্থানীয় সময় গত রোববার রাত ১১টায় কাঠের দোতলা হোস্টেল ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় বেশির ভাগ শিশু ঘুমিয়ে ছিল। ফলে অনেকে আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে বাইরে বের হতে পারেনি। অগ্নিনির্বাপক বাহিনী রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করে এবং উদ্ধারকাজ চালায়।
চিয়াং রাইয়ের পুলিশ কর্মকর্তা কর্নেল প্রয়াদ সিঙ্গসিন বলেন, আগুনে ১৭ জন মেয়েশিশু মারা গেছে। পাঁচ শিশু আহত হয়েছে। দুজন নিখোঁজ রয়েছে। আহত শিশুদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল ভোরে তিনি বলেন, আগুন নিভে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
চিয়াং রাইয়ের প্রাদেশিক ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, ব্যক্তিমালিকানাধীন স্কুলটিতে ৩৮ জন শিক্ষার্থী ছিল। সেখানে ৬ থেকে ১৩ বছরের মেয়েশিশুরা থাকত। সুবিধাবঞ্চিত স্থানীয় পাহাড়ি উপজাতি শিশুদের জন্য স্কুলটি পরিচালিত হয়। দুর্ঘটনার সময় অধিকাংশ শিশু ঘুমিয়ে থাকায় এত প্রাণহানি ঘটেছে।
অগ্নিকাণ্ড থেকে কয়েকজন সহপাঠীকে নিয়ে বের হতে সক্ষম হওয়া ১০ বছরের একটি শিশু টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলে, ‘হঠাৎ ঘুম ভেঙে দেখি, চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন। অন্ধকার। আগুনে নিচে নামার সিঁড়িগুলো ভেঙে পড়ছিল। বন্ধুদের ডাকাডাকি করে জাগাই।’ যারা ঘুম থেকে জাগতে পারেনি, মূলত তারাই পুড়ে মারা গেছে বলে খবরে উল্লেখ করা হয়।
অগ্নিকাণ্ডের পর ওই স্কুলের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, অগ্নিনির্বাপণকর্মীরা আগুন গ্রাস করে ফেলা হোস্টেল ভবনটিতে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। থাই গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দমকল বাহিনীর একটি গাড়ি থেকে ভবনটিতে পানি ছিটানো হচ্ছে।
পাহাড়ে ঘেরা চিয়াং রাই এলাকাটি পর্যটনের জন্য জনপ্রিয়। সেখানে প্রায়ই বিদেশি পর্যটকেরা যান।