থাইল্যান্ডে ছয় নেতার দুই বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনের ছয় নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৮ সালে আন্দোলন চলার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুরের অপরাধে গতকাল বৃহস্পতিবার তাঁদের এই দণ্ড দেওয়া হয়। তবে ওই নেতাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। খবর এএফপি ও রয়টার্সের।
রাজতন্ত্রপন্থী পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির (পিএডি) ‘হলুদ শার্ট’ পরা হাজার হাজার সমর্থক ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাবিরোধী আন্দোলন করেন। এর ফলে ওই বছরের শেষের দিকে পদত্যাগে বাধ্য হন থাকসিন।
২০০৮ সালে পিএডি আবারও থাকসিন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে। এর জেরে ২০১০ সালে থাকসিনপন্থী ‘লাল শার্ট’ পরা সমর্থকেরা অন্তত সাত সপ্তাহ কেন্দ্রীয় ব্যাংকক অবরোধ করে রাখে।
রায় ঘোষণার সময় একজন বিচারক বলেন, আদালত দেখতে পেয়েছেন, সরকারি ভবনে আন্দোলনকারীদের প্রবেশের মধ্য দিয়ে অন্যদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। ওই আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। ছয় নেতার সবাইকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল...পরে তা কমিয়ে দুই বছর করা হয়।
সাজাপ্রাপ্ত ছয়জনের মধ্যে সাবেক মিডিয়া ব্যবসায়ী ও পিএডি নেতা সোনথি লিমথংকুল রয়েছেন। তাঁদের পক্ষের একজন আইনজীবী জানিয়েছেন, প্রত্যেকে ছয় হাজার ডলার করে জামানত দিয়ে আদালত থেকে জামিন লাভ করেন।
থাকসিনের পাসপোর্ট বাতিল: দুর্নীতির দায়ে সম্ভাব্য দণ্ড এড়াতে স্বেচ্ছায় নির্বাসনে থাকা থাকসিনের দুটি পাসপোর্ট বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বুধবার এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়, থাকসিন সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকিমূলক’ কথাবার্তা বলেন। এ কারণে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়। পাশাপাশি ওই সাক্ষাৎকারে তিনি রাজপরিবারের সম্মান ক্ষুণ্ন করেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এর প্রমাণ পাওয়া গেলে থাকসিনের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।