থাইল্যান্ডে ফের বিস্ফোরণ, হুমকির মুখে পর্যটন খাত
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের গভীরে গতকাল সোমবার নতুন করে বিস্ফোরণ ঘটেছে। এতে একজন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। কয়েক দিন আগেই দেশটির একাধিক পর্যটন এলাকায় বোমা হামলা হয়। এ ছাড়া কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। সাম্প্রতিক ঘটনাবলির জেরে হুমকির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত।
নারাথিওয়াত প্রদেশের বাচো থানার পুলিশ কর্মকর্তা উইরগ বুনকায়ে গতকাল এএফপিকে বলেন, রাস্তার নিচে বোমাটি পেতে রেখেছিল দুর্বৃত্তরা। বিস্ফোরণে এক সেনা গুরুতর আঘাত হয়েছেন।
পাশের প্রদেশ ইয়ালায়ও তিনটি বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ১২ বছর ধরে বিদ্রোহীরা লড়াই করছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির ওই ইসলামপন্থী বিদ্রোহীরা অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত লড়াইয়ে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক মানুষ।
থাইল্যান্ডে সম্প্রতি পশ্চিমা পর্যটকেরা হামলার শিকার হচ্ছেন। দেশটিতে রাজনৈতিক সহিংসতা থাকলেও তাতে বিদেশি পর্যটকদের আক্রান্ত হওয়ার উদাহরণ নেই বললেই চলে। বর্তমান পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে থাই পর্যটনশিল্প। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবারের বিস্ফোরণের পর চলতি বছর দেশটিতে দুই লাখ পর্যটক কম আসবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পর্যটন খাতে দেশটির ১৪ কোটি ৬০ লাখ থেকে ২৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার লোকসান হবে। দেশটির পর্যটন বিভাগের প্রধান ইউথাসাক সুপাসর্ন গতকাল এ তথ্য দিয়েছেন।