থাইল্যান্ডে মঠগুরুকে গ্রেপ্তারে পুলিশের ব্যর্থ অভিযান
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ওয়াত ধামাকায়া নামের একটি জনপ্রিয় বৌদ্ধ মঠের অধ্যক্ষকে গ্রেপ্তার করতে গিয়েও ভক্তদের বাধায় তাতে ব্যর্থ হয়েছে পুলিশ। ফ্রা ধামাচায়ো (৭২) নামের ওই অধ্যক্ষের বিরুদ্ধে অন্তত ১২০ কোটি বাথ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অভিযানের খবর পেয়ে ধামাচায়োর হাজারো ভক্ত-সমর্থক গতকাল মঠের বাইরে জড়ো হন।
কর্তৃপক্ষ সে দেশের বৌদ্ধ সন্ন্যাসীদের বিষয়ে কোনো হস্তক্ষেপ করার ব্যাপারে ঐতিহাসিকভাবে অনাগ্রহী। কিন্তু সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন মঠের গুরুদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে বৌদ্ধ মন্দিরগুলোর ওপর আরও নজরদারির দাবি উঠেছে।
ওয়াত ধামাকায়া মঠের গুরু ফ্রা ধামাচায়োকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছেন থাই কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর কর্মকর্তারা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটি সমবায় ব্যাংকের কারাদণ্ড ভোগকারী এক স্বত্বাধিকারীর কাছ থেকে তিনি তছরুপকৃত ১২০ কোটি বাথ ঘুষ গ্রহণ করেছেন।