থাইল্যান্ডে রাজকীয় সংগীতে প্রয়াত রাজাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংককের রাজপ্রাসাদের বাইরে সমবেত হয়ে থাইল্যান্ডের শোকগ্রস্ত জনতা গাইছে রাজকীয় সংগীত। প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজের সম্মানে এই আয়োজন। গতকালের ছবি l রয়টার্স
ব্যাংককের রাজপ্রাসাদের বাইরে সমবেত হয়ে থাইল্যান্ডের শোকগ্রস্ত জনতা গাইছে রাজকীয় সংগীত। প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজের সম্মানে এই আয়োজন। গতকালের ছবি l রয়টার্স

শোকাবহ পরিবেশে রাজকীয় সংগীতের মাধ্যমে প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজকে স্মরণ করলেন থাইল্যান্ডের জনগণ। গতকাল শনিবার ব্যাংককে এ উপলক্ষে রাজপ্রাসাদের বাইরে অনেক মানুষ জড়ো হন।
সাম্প্রতিক বিশ্বে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা রাজা ভুমিবল ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মারা যান। এর মধ্য দিয়ে থাইল্যান্ডে তাঁর সাত দশকের রাজত্বের অবসান হয়। থাই সরকার এ জন্য এক বছর ধরে শোক পালনের ঘোষণা দিয়েছে।
গতকাল গাছগাছালিতে ঘেরা সানাম লুয়াং নামের একটি স্থানে কালো পোশাক পরা বিভিন্ন বয়সের অনেক মানুষ জড়ো হন। রাজবংশের কোনো সদস্যের শেষকৃত্যের কাজেই নদীর তীরের এ জায়গাটি ব্যবহার করা হয়। পুলিশ বলেছে, দেড় লাখের বেশি মানুষ শ্রদ্ধা জানাতে সেখানে এসেছিলেন। এ সময় ‘সানসোয়েন ফ্রা বারামি’ নামে পরিচিত রাজকীয় সংগীত গাওয়া হয়। ১৯৩৪ সালের আগে এটিই শ্যামদেশ নামে পরিচিত তখনকার থাইল্যান্ডের জাতীয় সংগীত ছিল।
গতকালের অনুষ্ঠানে প্রয়াত রাজার জীবনের উল্লেখযোগ্য অংশের ভিডিও চিত্র দেখানো হয়। প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে দেখানোর জন্য এ অনুষ্ঠানের ভিডিও তোলা হয়। তাঁর মৃত্যুর পর থেকেই থাইল্যান্ডের নানা প্রান্তের মানুষ রাজপ্রাসাদে এসে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। সেখানেই প্রয়াত রাজার মৃতদেহ রাখা হয়েছে।
এদিকে ইন্টারনেট জায়ান্ট গুগল কর্তৃপক্ষ রাজা ভুমিবলের বিপক্ষে অনলাইনে থাকা অবমাননাকর বক্তব্য বা তথ্য সরিয়ে ফেলায় সহযোগিতা করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী প্রাজিন জুনতং। উপপ্রধানমন্ত্রী বলেন, সার্চ ইঞ্জিন গুগল এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইউটিউবে পাওয়া আপত্তিকর তথ্য ও ছবি সরিয়ে নিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে তাঁর। গুগল কর্তৃপক্ষ বলেছে, তারা এ বিষয়ে কোম্পানির প্রচলিত নীতি অনুসরণ করছে।