থাইল্যান্ডে রাজতন্ত্রকে অসম্মান করে নাটক দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে রাজতন্ত্রকে বিদ্রূপ করায় দুই নাট্যকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্যাংককের একটি বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ নাটকে রাজতন্ত্রকে অসম্মান করার অভিযোগে গতকাল সোমবার আদালত এই নির্দেশ দেন। খবর এএফপি ও বিবিসির।
কাল্পনিক রাজ্য নিয়ে একটি কৌতুক নাটকে তাঁদের ভূমিকার জন্য প্রনতিপ মুনকং (২৬) এবং পাতিয়াত সারানায়েমের (২৩) বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হয়। নাটকে রাজা ও তাঁর উপদেষ্টাদের অসম্মান করা হয়। ২০১৩ সালের অক্টোবরে থামমাসাত বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক আন্দোলনের ৪০ বছর পূর্তি উপলক্ষে নাটকটি মঞ্চস্থ হয়। সারানায়েম তখন বিশ্ববিদ্যালয়টির ছাত্রী এবং নাটকটির পরিচালক মুনকং তখন সদ্য স্নাতকধারী ছিলেন।
ব্যাংককের রাছান্দা ফৌজদারি আদালতের একজন বিচারক বলেন, এই দুজনকে প্রকৃতপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ স্বীকার করায় তাঁদের শাস্তি অর্ধেক কমানো হয়েছে।
মুনকং কারাগারে যেতে ভীত নন বলে গণমাধ্যমকে জানান। আর সারানায়েমের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল আপিল করবেন না।
থাইল্যান্ডের রাজতন্ত্রকে অপমানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে।