থাইল্যান্ডে হামলাকারী বড় সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য

ব্যাংককে গত সোমবার মন্দিরে বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন ব্যক্তি ‘বড় কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের’ সদস্য বলে ধারণা করছে থাইল্যান্ডের পুলিশ। গতকাল বুধবার পুলিশ ওই হামলাকারীর একটি স্কেচ প্রকাশ করেছে।
এদিকে হামলার দুই দিন পর গতকাল ব্রহ্মা মন্দির ইরাওয়ান দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
ব্যাংককের ব্যস্ত এলাকার ওই মন্দিরে হামলায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানী ঘটেছে। বিস্ফোরণে আহত শতাধিক ব্যক্তির মধ্যে ৬৮ জনের অবস্থাই গুরুতর। নিহত লোকজনের মধ্যে যুক্তরাজ্য, চীন, হংকং, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ১১ জন নাগরিক রয়েছেন।
মন্দিরের নিরাপত্তায় ব্যবহৃত একটি ভিডিও ফুটেজে এক তরুণকে পিঠে বহন করা একটি ব্যাগ ফেলে চলে যেতে দেখা যায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে। হলুদ টি-শার্ট পরা ওই তরুণকেই হামলাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।

থাই পুলিশ-প্রধান জেনারেল সোমিয়াত পুমপানমং গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মনে করি, ওই হামলাকারী ব্যক্তিকে কেউ না কেউ সহায়তা করেছে। সহায়তাকারীরা থাইল্যান্ডেরই মানুষ।’ তিনি বলেন, হামলাকারী ব্যক্তি একটি বিশাল নেটওয়ার্কের সদস্য।
গতকাল সন্দেহভাজন ওই হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে থাই পুলিশ। প্রকাশের পর থাই পুলিশের মুখপাত্র প্রাউত থাবোর্নসিরি বলেন, ‘সে থাই নাগরিক বা বিদেশিও হতে পারে।’ তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে আরও দুজনকে দেখা গেছে। আর তাঁরা হামলাকারীর সহযোগী বলেই নিশ্চিত হয়েছেন বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তকারীরা।
গত মঙ্গলবার ব্যাংককের সাফান তাকসিন স্কাই রেলস্টেশনে যে বিস্ফোরণ ঘটেছে তার সঙ্গে সোমবারের হামলার মিল রয়েছে বলে ধারণা থাই পুলিশ-প্রধানের। প্রথম হামলার লক্ষ্য ছিল বিদেশি পর্যটকদের হত্যা। তবে দ্বিতীয়টির লক্ষ্য, নিছক ভীতি ছড়ানো বলে মনে করছে পুলিশ। মন্দিরে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে ধরিয়ে দিতে ১০ লাখ থাই বাথ পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
এদিকে মন্দির খুলে দেওয়ার পর গতকাল সকালে পুরোহিতরা প্রার্থনা শুরু করেন। কয়েক শ দর্শনার্থী প্রার্থনায় শামিল হন। অনেকেই মন্দিরের ধূপকাঠি জ্বালিয়ে অর্ঘ্য নিবেদন করেন। বিস্ফোরণটি ঘটে মন্দিরের সামনে। দুমড়েমুচড়ে যাওয়া লোহার রেলিং সেই বিস্ফোরণের চিহ্ন বহন করছে এখনো।