থাইল্যান্ডে ২০১৬ সালের আগে নির্বাচন নয়?
থাইল্যান্ডে ২০১৬ সালের আগে পার্লামেন্ট নির্বাচন নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী সোমাই ফেসি। তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান। খবর বিবিসির।
গত মে মাস থেকে থাইল্যান্ডে সামরিক শাসন চলছে। বর্তমান প্রধানমন্ত্রী জেনারেল প্রাইয়ুথ চান ওচা অভ্যুত্থানের মাধ্যমে মে মাসে ক্ষমতায় আসেন। এর পরপর তিনি বলেছিলেন, ২০১৫ সালে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সামরিক শাসনের ইতি টানা হবে।
অর্থমন্ত্রী সোমাই ফেসি বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও তিনি মনে করেন, সামরিক শাসনের অবসান হওয়া প্রয়োজন। কিন্তু নিরাপত্তার হাতিয়ার হিসেবে সামরিক শাসন দরকার।
থাই উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী প্রায়িত অংসুয়োনও ২০১৬ সালে নির্বাচন হওয়ার সম্ভাবনার আভাস দেন। দেশটির বিচারমন্ত্রী পাইবুন কুমছায়া গত সপ্তাহে বলেন, ‘অনির্দিষ্টকাল’ সামরিক শাসন চলবে। আপাতত সামরিক শাসন প্রত্যাহারের সম্ভাবনা নেই।
বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলার পর গত মে মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে সামরিক বাহিনী। ওই সময় থাইল্যান্ডের অনেক সাধারণ মানুষ অভ্যুত্থানকে স্বাগত জানিয়েছিল। তবে সামরিক শাসন নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।