থাইল্যান্ডে 'ভয়াবহ' হামলার সন্দেহভাজন শনাক্ত

থাইল্যান্ডের জান্তা প্রধান প্রাইয়ুত চান-ও-চা দাবি করেছেন, রাজধানী ব্যাংককের মন্দিরে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এই হামলাকে তিনি সে দেশে চালানো বিভিন্ন হামলার মধ্যে ‘সবচেয়ে ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। খবর এএফপির।
গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ব্যাংককের জনপ্রিয় পর্যটন কেন্দ্রস্থলে ইরাওয়ান মন্দিরের সামনে রাচাপ্রাচাং সড়কে ওই বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়। ওই হামলায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চীন, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জান্তা প্রধান বলেন, দেশের ইতিহাসে এটি ‘সবচেয়ে ভয়াবহ’ হামলা। তিনি এ হামলার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে আভাস দেন। তিনি বলেন, আমরা খোঁজ করছিলাম—এমন একজন সন্দেহভাজন হামলাকারীর সন্ধান মিলেছে। যে স্থানে বোমা হামলা হয়েছে, তার পাশের সিসি টিভির ফুটেজ দেখে ওই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। ওই সন্দেহভাজন ব্যক্তি সামরিক জান্তাবিরোধী লাল শার্ট আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জান্তা প্রধানের ধারণা।
ব্যাংককে মন্দিরের কাছে বিস্ফোরণে নিহত ১৯
থাইল্যান্ডের নিরাপত্তা বিষয়ক নিরপেক্ষ বিশ্লেষক জাচারি আবুজা বলেন, লাল-শার্ট আন্দোলনের কর্মীরা জান্তা সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন করছে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের হামলা চালানোর কথা নয়।
থাইল্যান্ডের সরকার বলেছে, দেশের অর্থনীতি ও পর্যটন শিল্প ধ্বংসে এ হামলা হয়েছে। বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।
একটি পাঁচ তারকা হোটেলের কাছে ইরাওয়ান মন্দিরটি পর্যটকদের কাছে বেশ পছন্দের জায়গা। বিস্ফোরণের সময় সেখানে প্রচুর পর্যটক ছিল। বিস্ফোরণের পর আতঙ্কিত দর্শনার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করে। সেখানে মানুষের ছিন্নভিন্ন শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। মন্দিরের সামনের রাস্তায় কয়েকটি পুড়ে যাওয়া মোটরসাইকেল পড়ে ছিল। পুলিশ জানায়, বোমাটি মোটরসাইকেলে পেতে রাখা হয়েছিল।
সরকারবিরোধী প্রবল আন্দোলনের মুখে গত বছরের মে মাসে দেশটিতে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।