থাইল্যান্ডের ওয়াইল্ড বোয়ার্স দলের খেলাপাগল ছেলে এখন অন্ধকার গুহায়

ছেলেটির নাম সমপং জাইওং। পং নামেই বেশি পরিচিত। বয়স ১৩। স্বপ্ন তার একদিন থাইল্যান্ডের জাতীয় দলে খেলার। স্বপ্ন পূরণে দিনরাত তাই ফুটবল নিয়েই মেতে থাকা। ‘ফুটবলপাগল’ ছেলেটির জীবন হঠাৎ করেই গত ২৩ জুন বদলে গেল। ‘ওয়াইল্ড বোয়ার্স’ ফুটবল দলের আরও ১১ সঙ্গী ও কোচসহ বেড়াতে গিয়ে আটকা পড়ল থাইল্যান্ডের থাম লুয়াং গুহায়।
৯ দিন পর ২ জুলাই উদ্ধারকারীরা তাদের জীবিত থাকার সন্ধান দিলে দেশে-বিদেশে আনন্দের বন্যা বয়ে যায়। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কিশোর ফুটবল দলের সদস্যদের উদ্ধার করা যায়নি। বন্যার পানি আর কাদাযুক্ত সরু পথ দিয়ে কীভাবে তাদের বের করে আনা হবে, সেটিই এখনো ঠিক হয়নি। তবে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সামনেই আবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দ্রুততম সময়ে কিশোরদের উদ্ধারের তাড়া আছে। অন্যথায় তাদের ভাগ্যে কী ঘটবে, তা নিয়ে স্বজনসহ শঙ্কিত সবাই।
খেলা নিয়ে এমন শঙ্কায় থাকার কথা ছিল পংয়ের। প্রিয় দল ইংল্যান্ড এবারের বিশ্বকাপ জিতবে কি না, সে চিন্তার বদলে এখন অন্ধকার গুহা থেকে বেঁচে ফেরার চিন্তা তার বেশি হচ্ছে। অথচ গুহায় আটকা পড়ার আগে ১৪ জুন রাশিয়ায় শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তার উত্তেজনার শেষ ছিল না। একটা খেলা দেখাও বাদ যায়নি। এমনকি যেদিন গুহায় বেড়াতে গেল, সেদিনও তার গায়ে ছিল ইংল্যান্ড দলের জার্সি।
পংয়ের সাবেক কোচ মানুতসানুম কুনতুন জানান, দলে মিডফিল্ডার পং। সে স্বপ্ন দেখে পেশাদার ফুটবলার হওয়ার, দেশের হয়ে খেলার। আপাদমস্তক ফুটবলপাগল ছেলে সে।

পংয়ের চাচা চাই জাইওং বলেন, পং ইংল্যান্ডের দল লিভারপুলকে সমর্থন করে। ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেন তাঁর প্রিয় খেলোয়াড়দের একজন। তিনি আরও বলেন, ‘আমরা তাকে নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদের একটাই প্রার্থনা, সে বাড়ি ফিরুক। গুহায় আটকা পড়ার আগে আমার সঙ্গে বসে বিশ্বকাপের খেলাগুলো দেখেছে। সে চায়, ইংল্যান্ড জিতুক। তার প্রিয় খেলোয়াড় আর্জেন্টিনার ফুটবলার মেসি। তবে সে ইংল্যান্ড দল ও সেই দলের ফুটবলার হ্যারি কেনকে ভালোবাসে। সারাটা সময় সে ফুটবল খেলে বা দেখে সময় কাটায়। খেলাধুলা তার ভীষণ পছন্দ। সে থাইল্যান্ডের জাতীয় দলের ফুটবলার হতে চায়। এখন পর্যন্ত সে যা খেলে তাতে আমাদের বিশ্বাস, একদিন তার স্বপ্ন পূরণ হবে।’
এদিকে, গুহার ভেতরে অক্সিজেনের মাত্রা ১৫ শতাংশে নেমে এসেছে। এতে করে শরীর নিস্তেজ হয়ে অচেতন হয়ে পড়ার আশঙ্কা আছে আটকে পড়া ফুটবলারদের। ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনালের আগে যদি তাদের উদ্ধার করা যায়, ফিফা মস্কোতে তাদের খেলা দেখার ব্যবস্থা করবে। মাঠে বসে বিশ্বকাপের ফাইনাল দেখার ভাগ্য তাদের হবে কি না, তা নির্ভর করছে কত দ্রুত তাদের উদ্ধার করা হয় তার ওপর।