থাইল্যান্ডের ক্ষমতা এখন কার হাতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজ। ছবি: এএফপি
সদ্য প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজ। ছবি: এএফপি

থাইল্যান্ডের প্রভাবশালী রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির ক্ষমতা কার হাতে? অনেকেরই মনে এখন এ প্রশ্ন। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে ছিলেন এই রাজা। ১৯৪৬ সাল থেকে, অর্থাৎ সাত দশক ধরে রাজা ছিলেন ভুমিবল। ১৩ অক্টোবর মৃত্যুর পর তাঁর দীর্ঘ শাসনামলের অবসান ঘটে।

দেশের মানুষের কাছে জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন রাজা ভুমিবল। অন্য রকম শ্রদ্ধা ছিল তাঁর ওপর। দেশটির সাম্প্রতিক রাজনৈতিক সংকট সমাধানেও তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তিনি নেই, তাঁর উত্তরাধিকারী এখন যুবরাজ মাহা ভাজিরালংকর্ন। তবে তিনি নতুন রাজা হিসেবে অভিষেক অনুষ্ঠান বছর খানেক পিছিয়ে দিয়েছেন। আগামী এক বছর রাজপ্রতিভূ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সেনাপ্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা। এতে প্রশ্ন উঠেছে, থাইল্যান্ডের ক্ষমতা সত্যিকারে অর্থে এখন কার হাতে?

বিবিসির এক প্রতিবেদনে এ প্রশ্নের খোঁজা হয়েছে।
১৩ অক্টোবর সামরিক সরকার-নিযুক্ত জাতীয় আইনসভার সদস্যরা দুই ঘণ্টার এক বিশেষ অধিবেশনে বসে আলোচনা করেন। এরপরই রাজা ভুমিবলের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। আইনসভার সদস্যরা আশা করেন, পরবর্তী রাজা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই সিংহাসনে বসবেন। কিন্তু প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা ও ভাজিরালংকর্নের মধ্যে বৈঠকের পরই বলা হয়েছে, পরবর্তী রাজার নাম এখনই ঘোষণা করা হবে না। এর বদলে তাঁরা প্রয়াত রাজার প্রতি নয় মিনিট দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

সাধারণত, রাজার মৃত্যুর পরই উত্তরাধিকারের নাম ঘোষণা করা হয়। ১৯৪৬ সালে ৯ জুন রাতে পার্লামেন্টের অধিবেশনে সিংহাসনের উত্তরাধিকার ভুমিবলের নাম ঘোষণা করা হয়। ওই দিনই ভুমিবলের বড় ভাই আনন্দকে নিজ কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়, যা এখনো রহস্যময় ঘটনা।

থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুর শোকে ব্যাংককে রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে এভাবে অনেককে কাঁদতে দেখা গেছে। ছবি: রয়টার্স
থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুর শোকে ব্যাংককে রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে এভাবে অনেককে কাঁদতে দেখা গেছে। ছবি: রয়টার্স

তরুণ রাজা ভুমিবল ওই সময় কিছুটা অপ্রস্তুত ছিলেন। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর চার বছরের জন্য সুইজারল্যান্ডে যান পড়াশোনা করতে। পড়াশোনা শেষে দেশে ফেরার পর তিনি সিংহাসনে বসেন। দেশে ফেরার আগ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে রাজাই ছিলেন।

সামরিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে যুবরাজ সময় চান। এরপর ভাজিরালংকর্ন সিংহাসনে বসতে চান। তবে এটা ঠিক পরিষ্কার নয়—কবে ওই ঘটনা (সিংহাসনে আহরণ) ঘটবে। যদিও সরকারের আইন বিশেষজ্ঞ উপপ্রধানমন্ত্রী ওইসানু কেরা-নাগাম জোর দিয়ে বলেছেন, এটা যেকোনো সময় ঘটতে পারে এবং যুবরাজ যখন প্রস্তুত, তখনই নতুন রাজা হিসেবে দায়িত্ব নেবেন।

ওইসানু কেরা-নাগাম বলেন, সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মাহা ভাজিরালংকর্ন নতুন রাজা হিসেবে তাঁর অভিষেক অনুষ্ঠান এক বছর পিছিয়ে দিয়েছেন। কারণ, এক বছরের রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার আগে এবং ভুমিবলের শেষকৃত্য শেষ না হলে ভাজিরালংকর্ন সিংহাসনে বসতে চান না।

দেশটিতে রাজার ক্ষমতা কাগজ-কলমে সীমাবদ্ধ। কিছু সাংবিধানিক ক্ষমতা আছে, যা উপদেশ-পরামর্শের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে বিশাল জনপ্রিয়তা নিয়ে রাজা ভুমিবল আদুলিয়াদেজ দীর্ঘ সময় রাজত্ব করেছেন। এর প্রভাবও ছিল বিস্তর। তাঁর কথা-বিবৃতিতে নীতি এমনকি সরকারও পরিবর্তন হতো। এর উদাহরণ হিসেবে বলা যায়, ১৯৯২ সালে মে মাসের একটি ঘটনার কথা। ওই সময় রাজার হস্তক্ষেপে সেনা-সমর্থিত প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের মধ্যে রক্তাক্ত অধ্যায়ের পরিসমাপ্তি হয়। এর পুরো কৃতিত্ব ভুমিবলের। এরপর ২০০৬ সালের এপ্রিলেও তিনি আর একবার চমক দেখান। ওই সময় নির্বাচনে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল নির্বাচিত হলেও কয়েকটি দলের নির্বাচন বয়কটের কারণে অচলাবস্থার তৈরি হয়। সেখানেও তিনি ওই নির্বাচনকে অকার্যকর ঘোষণা করেন।

প্রকৃত ক্ষমতা কার হাতে?
রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে আগামী এক বছর রাজপ্রতিভূ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা। তিনি ভুমিবলের ঘনিষ্ঠ সহচর ও সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা। অতীতে যুবরাজের ক্ষমতা সম্পর্কে তিনি সংশয় প্রকাশ করেছেন। অভিভাবক হিসেবে তিনসুলানন্দা সামরিক-খসড়া সংবিধান, যা এক মাসের মধ্যে পাস হতে পারে। এ ছাড়া গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে পালন করতে হবে। এ ক্ষেত্রে বিবিসির পর্যবেক্ষণ হচ্ছে, তিনসুলানন্দাকে যুবরাজের সঙ্গে পরামর্শক্রমে সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে।

এ মুহূর্তে থাইল্যান্ডের ক্ষমতা এখনো সামরিক জান্তার হাতে রয়েছে। এক অভ্যুত্থানে দুই বছর আগে জান্তা সরকার ক্ষমতার মসনদে বসে। অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন, এই ক্ষমতা গ্রহণের অন্যতম প্রধান একটা কারণ ছিল। তা হচ্ছে, উত্তরাধিকারের প্রশ্ন যখন সামনে চলে আসবে, তখন রাজপক্ষীয় সশস্ত্র বাহিনী যেন দায়িত্বে থাকতে পারে।

যুবরাজ মাহা ভাজিরালংকর্ন। ছবি: রয়টার্স
যুবরাজ মাহা ভাজিরালংকর্ন। ছবি: রয়টার্স

রাজতন্ত্র বহাল রাখার জন্য রাজা ভুমিবল এবং সামরিক সরকারের মধ্যে দীর্ঘ অংশীদারত্বের আলোচনা হয়েছে। এরপরই রাজতন্ত্র পুনরুদ্ধার করে তিনি ১৯৪৬ সালে সিংহাসনে বসেন। ১৯৯০ সাল পর্যন্ত তাঁর প্রতিপত্তি বেশ রমরমাই ছিল। এরপরই প্রাথমিকভাবে রাজতন্ত্রের অভিভাবক হিসেবে সামরিক বাহিনীর ভূমিকা বাড়তে থাকে এবং কোনো উত্তরাধিকারী নির্বাচনে তাদের ভূমিকার গুরুত্ব নেই, তা কল্পনা করা কঠিন।

তবে জেনারেলরা রাজা ভুমিবলের খুব অনুগত ছিলেন এবং তিনি নিজ সন্তানকে সিংহাসনে উত্তরাধিকারী হিসেবে মনোনয়নে দোদুল্যমান অবস্থায় ছিলেন না। যদিও দিনক্ষণ নির্দিষ্ট ছিল না, সরকারও এটা স্পষ্ট করেছে যে যুবরাজ ভাজিরালংকর্নই অবিসংবাদিতভাবে পরবর্তী উত্তরাধিকারী এবং তিনিই শেষ পর্যন্ত রাজা হবেন।

প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা থাইল্যান্ডের জনগণকে আশ্বস্ত করেছেন, উত্তরাধিকারী ঐতিহ্য অনুসরণ করেই করা হবে। প্রক্রিয়াটি সহজ হবে। তিনি দেশের মানুষকে বলেছেন, উত্তরাধিকারীর কখন সিংহাসনে বসবেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই।