থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদের বেঁচে থাকা নিয়ে সংশয়

বিভিন্ন ছবি আর গ্রাফিতিতেই খুদে ফুটবলারদের ফিরে পেতে আকুতি আর প্রার্থনার চিত্র ফুটে উঠেছে। একটি ছবি এমন—কাদাপানির মধ্যে দাঁড়িয়ে থাকা শিশু ফুটবলারদের খুঁজে পেয়ে জড়িয়ে ধরছেন উদ্ধারকারী দলের সদস্যরা। অন্যরা উল্লাসধ্বনি করছেন। আরেকটি ছবিতে সাহায্য আসার বার্তা জানিয়ে সেই শিশুদের শক্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। কোনো কোনো ছবিতে শিশুরা ভালো আছে, আনন্দে আছে, এমন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডে বন্যার পানিতে একটি গুহায় কোচসহ নিখোঁজ খুদে ফুটবলারদের খুঁজে পেতে এমন প্রার্থনা, আকুলতার চিত্র এখন সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরে। গত শনিবার কোচের সঙ্গে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ জন ফুটবলার থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় আটকে পড়েছে। ২৫ বছর বয়সী কোচের সঙ্গে থাম লুয়াং নাং নন নামের এক গুহায় ঢোকার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহ ধরে উদ্ধারকারী দল তাদের খুঁজে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে বন্যার পানি ঢুকে গুহার পানি বেড়ে চলায় তাদের জীবিত উদ্ধার করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
প্রশিক্ষণ ও বিনোদনের জন্য ওই ছেলেরা মাই সাই জেলার ওই গুহায় নিয়মিতই যেত। বর্ষা মৌসুমে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ওই গুহায় বন্যার পানি ১৬ ফুট পর্যন্ত উচ্চতায় ওঠে।

গুহায় প্রবেশের মূল পথটি বন্যার পানিতে ডুবে গেছে। পেশাদারি ডাইভার, উদ্ধারকর্মী এবং সামরিক বাহিনীর সদস্যরা বিকল্প পথ বের করে গুহায় প্রবেশের চেষ্টা করছেন। বন্যার পানি ক্রমাগত বেড়ে চলায় উদ্ধারকাজ নিয়ে হতাশা তৈরি হচ্ছে। ছেলেরা কোথায় আটকা পড়েছে, তা জানা না গেলেও গুহায় তাদের পায়ের ছাপ পাওয়া গেছে। এটাই আশা জাগাচ্ছে যে, হয়তো ছেলেরা এখনো বেঁচে আছে। গুহায় প্রবেশের সময় ছেলেরা সঙ্গে টর্চ ও খাবার নিয়েছিল বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে, ক্রমাগত পানি বাড়তে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। গুহার মুখ থেকে পানি পাম্প করে বের করে আনা হচ্ছে। তবে গতকাল বৃহস্পতিবার পানির তোড় এত বেশি ছিল যে নৌবাহিনীর উদ্ধারকারী দল পাম্প করা বন্ধ রাখতে বাধ্য হয়। উদ্ধারকারী দল এখন গুহায় প্রবেশের বিকল্প পথ খুঁজে বের করার ওপর নজর দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প একটি প্রবেশ পথ তৈরির জন্য পাহাড় খোঁড়ার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে গুহা বিশেষজ্ঞদের মতে, নিখোঁজ শিশুরা যেখানে আছে, বন্যার পানির উচ্চতা সে পর্যন্ত না পৌঁছালে তাদের বেঁচে থাকার আশা আছে। সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে, অক্সিজেনের অভাবে শিশুরা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে পড়ে কি না।
ধারণা করা হচ্ছে, গুহার ভেতরে তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটাকে সহনীয় পর্যায়ের বলা যায়। যদি খুদে ফুটবলারদের পোশাক ভিজে না থাকে, তাহলে এই তাপমাত্রা তাদের জন্য সমস্যা হওয়ার কথা নয়। ওই গুহার পাথরের ধরন সচ্ছিদ্র হওয়ায় সেখানে যথেষ্ট অক্সিজেন রয়েছে বলে আশা করা যায়। যদিও ওই এলাকায় কিছু গুহা আছে, যেগুলো কার্বন ডাই-অক্সাইডে ভর্তি দূষিত গুহা।
থাইল্যান্ডজুড়ে এই খুদে ফুটবলারদের নিখোঁজ হওয়ার ঘটনাটি আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাদের ফিরে আসার প্রার্থনায় ছেয়ে গেছে। হ্যাশট্যাগ আর বিভিন্ন ছবির মাধ্যমে সাধারণ মানুষের সেই আবেগময় কথা উঠে এসেছে।

কেউ কেউ লিখেছেন, ‘বাসায় ফিরে এসো’, কেউ লিখেছেন ‘ আমি ১৩ জন মানুষের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করছি। তোমরা বেরিয়ে এসো। সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘আমি এটা শোনার জন্য অপেক্ষা করছি যে “উদ্ধার অভিযান শেষ, ১৩ জনই এখন নিরাপদে আছে”।’
কেউ কেউ এমন ছবি শেয়ার করেছেন যে, নিখোঁজ ছেলেরা একটি বুনো শূকরের পিঠে চড়ে রয়েছে। ছেলেরা স্থানীয় ‘মু পা’ ফুটবল দলের সদস্য। ‘মু পা’ শব্দের অর্থ বুনো শূকর।
একজন লিখেছেন, ‘ভালো খবরের অপেক্ষায় আছি।’ আরেকজন নিখোঁজ ছেলেদের উদ্দেশে বলেছেন, ‘শক্ত থাকো, ধৈর্য ধরো ছেলেরা।’ ছেলেদের জার্সি পরা ছবি শেয়ার করে একজন আশা প্রকাশ করে লিখেছেন, ‘শিগগিরই দেখা হবে।’