থাইল্যান্ডের জঙ্গলে আরও কবর
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের গভীর জঙ্গলে আরও একটি শিবিরে পাঁচটি কবর আবিষ্কার করেছেন দেশটির তদন্ত কর্মকর্তারা। কবরগুলোতে বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসীদের দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়।
থাইল্যান্ডের জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাবর্নসিরি সাংবাদিকদের বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যায় দ্বিতীয় শিবিরের খোঁজ পাই।’
থাই পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, নতুন আবিষ্কার করা শিবিরটি প্রথম শিবিরের কাছেই অবস্থিত। সেখানে পাঁচটি কবর পাওয়া গেছে। কবরে কোনো দেহাবশেষ আছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।
সম্প্রতি মালয়েশিয়ার সীমান্তবর্তী শংখলা প্রদেশের সাদাও এলাকার গভীর জঙ্গলে এ রকম একটি শিবিরের গণকবর থেকে ২৬ জন বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীর দেহাবশেষ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানিয়েছেন সেখান থেকে জীবিত উদ্ধার হওয়া এক বাংলাদেশি।
মানব পাচার রোধে থাইল্যান্ডের বর্তমান সামরিক সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহল সমালোচনা রয়েছে। সম্প্রতি দেশটির সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে। সর্বশেষ গণকবর থেকে অভিবাসীদের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় দেশটির ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।