থাইল্যান্ডের বিতর্কিত নতুন সংবিধানের খসড়া বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের বিতর্কিত নতুন সংবিধানের খসড়া গতকাল রোববার বাতিল করে দিয়েছে দেশটির সেনাশাসকদের নিয়োগ করা একটি পরিষদ। এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রে ফিরে যাওয়াটা আরও পিছিয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। কেননা এখন নতুন খসড়া তৈরির জন্য আরেকটি কমিটি করতে হবে। ওই কমিটি খসড়া তৈরির জন্য সময় পাবে ১৮০ দিন। এতে করে নির্বাচন আরও পিছিয়ে যাবে। খবর বিবিসির।
গত বছর কয়েক মাস টানা উত্তেজনার পর মে মাসে থাইল্যান্ডের সেনাবাহিনী নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে নেয়। এরপর গণবিক্ষোভের মুখে জান্তা সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়।
নতুন সংবিধানের খসড়াটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। সমালোচকেরা ওই খসড়াকে বিভেদ সৃষ্টিকারী ও গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়েছেন। এর একটি অনুচ্ছেদে কোনো ‘জাতীয় সংকটের’ ক্ষেত্রে ২৩ সদস্যের একটি পরিষদের ক্ষমতা নেওয়ার সুযোগ রাখা হয়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্য অনির্বাচিত কর্মকর্তাদের নিয়ে ওই পরিষদ গঠনের মাধ্যমে মূলত সেনাবাহিনীর হাতেই ক্ষমতা রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কারণ, ওই অনুচ্ছেদ অনুযায়ী কোনো নির্বাচিত সরকারের পাঁচ বছর মেয়াদের যেকোনো সময়কে ‘সংকটময়’ আখ্যা দিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে।
গতকাল ২৪৭ সদস্যের জাতীয় সংস্কার পরিষদ (এনআরসি) খসড়াটি বাতিল করে দেয়। সদস্যদের মধ্যে ১৩৫ জনই এর বিরোধিতা করেন। ১০৫ জন পক্ষে ভোট দেন। সাতজন অনুপস্থিত ছিলেন।
এনআরসির চেয়ারম্যান তিয়েনচাই কিরানান বলেন, ‘খসড়ার পক্ষে ভোটদাতার সংখ্যা এনআরসির মোট সদস্যের অর্ধেকের কম। এর মানে দাঁড়ায়, বৈঠকে খসড়াটির বিরুদ্ধে ভোট পড়েছে।’
নতুন কমিটি আরেকটি খসড়া তৈরির জন্য ১৮০ দিন সময় পাবে। খসড়া তৈরির পর সেটি অনুমোদনের জন্য গণভোটের আয়োজন করা হবে। মনে করা হচ্ছে, নতুন সংবিধানের খসড়া অনুমোদন হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনী তার ক্ষমতা সুসংহত রাখবে। সামরিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৬ সালের শেষের দিকে নির্বাচন হতে পারে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই বিলম্ব নির্বাচনকে সম্ভবত ২০১৭ সাল পর্যন্ত নিয়ে যাবে।
বেশ কয়েক বছর ধরে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সমর্থন করা গণতন্ত্রপন্থী দল এবং সেনাসদস্যসহ রক্ষণশীল দলের জোটের মধ্যে বিরোধ চলে আসছে। ২০০১ সাল থেকে প্রতিটি নির্বাচনে থাকসিনের জোট জয়লাভ করে। তবে এর মধ্যে দুটি সামরিক অভ্যুত্থান ঘটে এবং দেশটির আদালত তিনজন প্রধানমন্ত্রীকে অপসারণ করেন। ২০১৪ সালের মে মাসে থাকসিন সিনাওয়াত্রার বোন তখনকার নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এর অল্প কয়েক দিন আগেই আদালত ক্ষমতা অপব্যবহারের মামলায় ইংলাককে অপসারণ করেন।
থাইল্যান্ডে ১৯৩২ সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে বিভিন্ন ধরনের বেশ কয়েকটি সংবিধান তৈরি হয়েছে।