থাইল্যান্ডের রাজপ্রতিভূ সাবেক সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম তিনসুলানন্দা
প্রেম তিনসুলানন্দা

থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে আগামী এক বছর রাজপ্রতিভূ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সেনাপ্রধান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা। সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মাহা ভাজিরালংকর্ন নতুন রাজা হিসেবে তাঁর অভিষেক অনুষ্ঠান এক বছর পিছিয়ে দিতে চাওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে। যুবরাজ বাবার মৃত্যুশোক পালনের জন্যই এ সময় চেয়েছেন বলে সরকারি কর্মকর্তারা গতকাল রোববার জানিয়েছেন।
রাজা ভুমিবল আদুলিয়াদেজ (৮৮) গত বৃহস্পতিবার শেষনিশ্বাস ত্যাগ করেন। বর্তমান প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা গত শনিবার এক টেলিভিশন ভাষণে জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রয়াত রাজার উত্তরসূরি আসবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। রাজার শেষকৃত্যের পরপরই অভিষেক অনুষ্ঠান হবে।
রাজার অবর্তমানে তাঁর প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব যিনি পালন করতে যাচ্ছেন, সেই প্রেম তিনসুলানন্দা অত্যন্ত অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিক। তিনি গত চার দশকে রাজা ভুমিবলের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনসুলানন্দার জন্ম ১৯২০ সালে। সামরিক বাহিনীতে যোগ দেন ১৯৪১ সালে। কম্বোডীয় ভূখণ্ডে ফ্রান্সের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধও করেন। যুক্তরাষ্ট্রে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে প্রশিক্ষণও নিয়েছেন। তখন থেকেই তিনি সমান্তরালে সামরিক ও রাজনৈতিক পেশাজীবন সমৃদ্ধ করতে থাকেন। আশির দশকে তিনি সেনা সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সিংহাসনের উত্তরাধিকারী ৬৪ বছর বয়সী যুবরাজ ভাজিরালংকর্ন জনগণকে বিভ্রান্ত বা দেশের প্রশাসন নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এই সময় সবাই বিষাদগ্রস্ত, তিনি নিজেও। তাই এই বেদনাদায়ক পর্যায় পেরোনোর জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।
রাজার পদে যুবরাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে অতীতে, যদিও থাইল্যান্ডে রাজপরিবারের সদস্যদের সমালোচনা কঠোরভাবে নিষিদ্ধ।
জেনারেল প্রাউথ ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা নিয়েছেন। তিনি আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন। থাইল্যান্ডে রাজাকে ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দেশটির বিভিন্ন রাজনৈতিক সংকটের মুহূর্তে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন প্রয়াত রাজা ভুমিবল।
রাজা ভুমিবলের প্রয়াণে থাইল্যান্ডে এখন বর্ষব্যাপী আনুষ্ঠানিক শোক পালিত হচ্ছে। টেলিভিশনের নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন বাতিল করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কমিয়ে আনা হয়েছে আড়ম্বর।