থেমেছে উত্তেজনা, রইল সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পর দুই দেশ সমঝোতার চুক্তি করেছে। তবে বিশ্লেষকদের মন্তব্য, চুক্তির মধ্যেই রয়ে গেছে সংশয়ের ইঙ্গিত। তাই চুক্তি উত্তেজনার আপাত প্রশমন ঘটালেও পরিস্থিতির অবনতি হতে পারে যেকোনো সময়ে।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বন্দ্বের ইতিহাস ৬০ বছরের। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়ে যায়। সম্প্রতিও এমন পরিস্থিতি দেখা দেয়।
সীমান্তবর্তী অঞ্চলে উত্তর কোরিয়ার মাইন বিস্ফোরণে দুই দক্ষিণ কোরিয়ান সেনা আহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা শুরু হয়। সেনা আহত হওয়ার প্রতিবাদে সীমান্তে লাউডস্পিকার দিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণা শুরু করে দক্ষিণ কোরিয়া। প্রচারণার প্রতিবাদে উত্তর কোরিয়াও পাল্টা সামরিক পদক্ষেপের হুমকি দেয়। বেঁধে দেয় সময়সীমা। যুদ্ধ তখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ পরই দুই দেশই আলোচনায় বসে। দক্ষিণ কোরিয়ার সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়া দুঃখ প্রকাশ করে। দক্ষিণ কোরিয়াও বন্ধ করে প্রচারণা। স্বাক্ষরিত হয় চুক্তি। চুক্তিতে বলা হয়, ‘অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটা পর্যন্ত’ দুই দেশই উসকানিমূলক প্রচারণা বন্ধ রাখবে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এবার প্রশ্ন, তাহলে কোন কোন ঘটনাকে অস্বাভাবিক ঘটনা বলে ধরা হবে? তাই এই ‘অস্বাভাবিক’ পরিস্থিতির ইঙ্গিত থেকেই গেল চুক্তিতে।
পার্লামেন্টে গত বুধবার এই ‘অস্বাভাবিক’ শব্দটির পরিষ্কার জবাব চাইলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যান মিন গো ধোঁয়াশাপূর্ণ জবাব দেন। বলেন, ‘অস্বাভাবিক ঘটনা না ঘটা পর্যন্ত’ বলতে ‘কোনো বিশেষ পরিস্থিতি উদ্ভূত না হওয়া পর্যন্ত’কেই বোঝানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মন্ত্রীর এ বক্তব্যে আরও স্পষ্ট হয়ে গেল, চুক্তিতে থাকা ‘অস্বাভাবিক’ শব্দটি অযথার্থ, অবাস্তব।
দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়ুনসে ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক জন ডেলোরি বলেন, ‘দুই দেশের মধ্যে যদি কখনো স্বাভাবিক সম্পর্ক থাকত তাহলেই তা-ই অস্বাভাবিক হতো।’
অবশ্য উভয় দেশের সরকারের কয়েকজন কর্মকর্তাও বিভিন্ন রূপরেখা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তাঁরা বলছেন, সরাসরি হুমকি হলে কিংবা জীবনশঙ্কার কোনো ঘটনা ঘটলেই তাকেই ‘অস্বাভাবিক’ ঘটনা বলে বিবেচনা করা উচিত।