থ্রিডি প্রিন্টারে পিস্তল বানিয়ে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার ব্যবহার করে দুটি পিস্তল তৈরি এবং এর প্রক্রিয়া অনলাইনে ছেড়ে দেওয়ার দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইয়োকোহামা ডিস্ট্রিক্ট কোর্ট গতকাল সোমবার এ আদেশ দেন। খবর এএফপির।
সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ইয়োশিতোমো ইমুরা (২৮)। তিনি নিজের বাড়িতে ওই দুটি আগ্নেয়াস্ত্র তৈরি করেন। পরে আগ্নেয়াস্ত্র তৈরির বিস্তারিত বর্ণনা দিয়ে ভিডিওচিত্র অনলাইনে ছেড়ে দেন।
বিচারক কোজি ইনাবা বলেছেন, এটি দণ্ডযোগ্য অপরাধ। এই অপরাধের দায়ে ইমুরাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হলো।
জাপানের শোনান ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক কর্মী ইমুরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ওই দুটি পিস্তল তৈরি করেন। পরে কীভাবে তিনি এ কাজ করেন, এর পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে একটি ভিডিওচিত্র নির্মাণ করেন। এরপর সেটি অনলাইনে পোস্ট দেন।
ইমুরার আইনজীবীরা আদালতকে জানান, এটি যে বেআইনি কাজ, তা তাঁদের মক্কেল জানতেন না। কিন্তু আইনজীবীদের এই দাবি প্রত্যাখ্যান করেন আদালত।
ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে অপেক্ষাকৃত সুলভমূল্যে অস্ত্র তৈরি করা হয়। বিশেষ করে এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রিন্টার ব্যবহার আইনি বৈধতাকে হুমকির মুখে ফেলেছে।
ত্রিমাত্রিক প্রিন্টারের সাহায্যে পলিমার ব্যবহার করে অস্ত্র তৈরির কারণে সেগুলো সাধারণ তল্লাশি যন্ত্রে ধরা পড়ে না। এ কারণে আশঙ্কা করা হয় সন্ত্রাসীরা বিমান ছিনতাইয়ে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।