দ. এশিয়ায় পরমাণু অস্ত্রের ব্যবহার উড়িয়ে দেওয়া যায় না: বাইডেন
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্প্রতি ওয়াশিংটনের ‘কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে’ দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, পাকিস্তান-ভারতের আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে পরমাণু বোমা ব্যবহার হতে পারে।
পাকিস্তানের দ্য ডন পত্রিকা আজ সোমবার এ খবরটি প্রকাশ করেছে।
পরমাণু অস্ত্র নিরাপত্তার বিষয়ে কথা বলতে গিয়ে বাইডেন আরও বলেন, ‘শুধু উত্তর কোরিয়া নয়, পাকিস্তান, রাশিয়া ও আরও কিছু দেশের বিপথগামী পরমাণু কার্যক্রমের ফলে ইউরোপ, দক্ষিণ এশিয়া অথবা পূর্ব ইউরোপে আঞ্চলিক যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে।’
এ সময় পরবর্তী মার্কিন প্রশাসন এই শঙ্কা কাটাতে এবং পরমাণু অস্ত্রের ব্যবহার কমাতে বিশ্বে একটি ঐকমত্য তৈরিতে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন জো বাইডেন। বাইডেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের তাঁদের দলের নীতিতে পরমাণু ইস্যুর বিষয়ে সর্বোচ্চ জোর দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘পরমাণু নিরাপত্তা একটি দলের নীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের জন্য, সারা বিশ্বের জন্য। যদিও আমরা আর পরমাণু সংঘাতের ভয়ে বাস করি না।’
দক্ষিণ এশিয়া অঞ্চলে পরমাণু সংঘাতের বিষয়ে পাকিস্তানকে সতর্ক করছে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে ভারতের সঙ্গে উত্তেজনা মিটিয়ে ফেলতেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি সীমান্তে সংঘাত নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে দেশ দুটির মধ্যে। সীমান্তে শান্তি রক্ষার প্রয়োজনে ভারতীয় সেনারা শক্তি প্রয়োগ করতে পিছপা হবে না বলে জানিয়েছেন দেশটির নতুন দায়িত্ব নেওয়া সেনাপ্রধান বিপিন রাওয়াত। এর জবাবে পাকিস্তান জানিয়েছে, সীমান্তে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ভারতীয় পদক্ষেপ মোকাবিলা করা হবে।