দ. কোরিয়ার বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ও হুন্দাই মোটরের মতো দক্ষিণ কোরিয়ার বাঘা বাঘা কোম্পানির প্রধানেরা দেশটিতে বিপুল পরিমাণ দুর্নীতির বিষয়ে সংসদীয় তদন্ত কমিটির মুখোমুখি হলেন। আজ মঙ্গলবার কমিটির সামনে শুনানিতে অবশ্য এসব কোম্পানির প্রধানেরা সরকারকে কোনো উৎকোচ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
রয়টার্সের খবরে জানানো হয়, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি দুটি প্রতিষ্ঠানে বিপুল অর্থ দিয়ে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। জিএস গ্রুপের প্রধান ছাড়া সবাই কোনো সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিএসের প্রধান হু চাং সু বলেন, ‘এটা দক্ষিণ কোরিয়ার বাস্তবতা যে সরকার যদি আপনার কাছে অর্থ চায়, তবে তা না দিয়ে আর উপায় থাকে না।’
এই প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চাওয়া হয় প্রেসিডেন্ট পার্ক এবং তাঁর বন্ধুর প্রতিষ্ঠানে অর্থ দেওয়ার জন্য তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়েছিল কি না এবং আর এই অর্থ দিয়ে তাঁরা কোনো সুবিধা নিয়েছেন কি না।
এসব দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের বিষয়ে আগামী বুধবার ভোট গ্রহণ করা হবে।
আজকের শুনানিতে উপস্থিত ছিলেন স্যামসাং গ্রুপের প্রধান জে ওয়াই লি। তিনি বলেন, প্রেসিডেন্ট পার্ক তাঁর সঙ্গে একান্ত বৈঠকে সাংস্কৃতিক ও খেলাধুলাবিষয়ক উন্নয়নে সহযোগিতা চেয়েছিলেন। তবে তিনি কোনোরূপ চাপ প্রয়োগ করেননি।
স্যামসাং দুটি প্রতিষ্ঠানে ১ কোটি ৭৪ লাখ মাকিন ডলার বরাদ্দ দেয়। স্যামসাং প্রধান বলেন, যদি কোনো অন্যায় হয়ে থাকে, তবে এর নৈতিক ও আইনি দায় তাঁর হবে।
প্রেসিডেন্ট পার্কের পদত্যাগের দাবিতে দক্ষিণ কোরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে।