দ. কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমানের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার এফ-১৫কে যুদ্ধবিমানের পাহারায় সিউলের ওসান বিমানঘাঁটির আকাশে উড্ডয়ন করছে মার্কিন যুদ্ধবিমান বি-৫২ (ডানে)। উত্তর কোরিয়াকে ভীতি প্রদর্শনের চেষ্টায় গতকাল বিশাল এ বোমারু বিমানের মহড়া দেয় যুক্তরাষ্ট্র l ছবি: এএফপি
দক্ষিণ কোরিয়ার এফ-১৫কে যুদ্ধবিমানের পাহারায় সিউলের ওসান বিমানঘাঁটির আকাশে উড্ডয়ন করছে মার্কিন যুদ্ধবিমান বি-৫২ (ডানে)। উত্তর কোরিয়াকে ভীতি প্রদর্শনের চেষ্টায় গতকাল বিশাল এ বোমারু বিমানের মহড়া দেয় যুক্তরাষ্ট্র l ছবি: এএফপি

উত্তর কোরিয়াকে শক্তি প্রদর্শন করতে এর বৈরী প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার আকাশে বি-৫২ বোমারু বিমান উড্ডয়ন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রথমবারের মতো একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয় পিয়ংইয়ং। এর প্রেক্ষাপটেই ওয়াশিংটন এ মহড়া দেখাল। খবর বিবিসির।
খবরে বলা হয়, মার্কিন বোমারু বিমানটি উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে একটি বিমানঘাঁটির আকাশে চক্কর দিয়েছে।
গত সপ্তাহে পিয়ংইয়ং দাবি করেছে, তারা ভূগর্ভে হাইড্রোজেন বোমার ওই সফল পরীক্ষা চালায়। এতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। যদিও বিশেষজ্ঞরা এ দাবির সত্যতার ব্যাপারে এখনো নিশ্চিত নন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ ঠেকাতে আত্ম প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের এটা বৈধ অধিকার এবং ন্যায্য কাজ; তাই কেউ এর সমালোচনা করতে পারে না।
দক্ষিণ কোরিয়ার মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ‘উসকানিমূলক পদক্ষেপের’ জবাবে বোমারু বিমানের এ উড্ডয়ন করা হয়। এ বিষয়ে একজন জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়াকে রক্ষায় যুক্তরাষ্ট্র নিজ প্রতিশ্রুতির ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় এই অঞ্চলে বিমানবাহী একটি রণতরি পাঠানোর কথাও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আর বি-৫২ বোমারু বিমানের মহড়া বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।
মার্কিন যুদ্ধবিমানের এ মহড়ার আগে দক্ষিণ কোরিয়া গত শুক্রবার থেকে অপপ্রচারমূলক সম্প্রচারের লক্ষ্যে সীমান্তে লাউডস্পিকারগুলো চালু করে উত্তর কোরিয়ার দিকে ঘুরিয়ে দেয়।
সীমান্ত-সংলগ্ন ১১টি স্থানে বসানো ওই লাউডস্পিকারে সজোরে কোরীয় পপ সংগীত বাজানো হচ্ছে। প্রচার করা হচ্ছে সংবাদ ও আবহাওয়ার তথ্য। আছে উত্তর কোরীয় সরকারের বিরুদ্ধে নানা সমালোচনাও। এমন লাউডস্পিকার সম্প্রচারে বিরক্ত হয়ে উঠেছে উত্তর কোরিয়া।
একই রকম পাল্টা ব্যবস্থা নিয়েছে উত্তর কোরিয়াও। বৈরী সম্পর্কে বাধা এ দুই প্রতিবেশী দেশের মধ্যে অনেক আগে থেকেই শুরু হওয়া কৌশলগত লড়াই এখনো চলছে। ১৯৫৩ সালে শান্তিচুক্তির পরিবর্তে যুদ্ধবিরতির আওতায় দেশ দুটি কোরীয় যুদ্ধের অবসান ঘটায়।