দ. কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার পর রক্তাক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট। ছবি: রয়টার্স
হামলার পর রক্তাক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা হয়েছে। এতে তিনি জখম হয়েছেন। 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ৪২ বছর বয়সী লিপার্প সিউলে একটি প্রাতঃরাশবৈঠকে অংশ নেওয়ার সময় তাঁর ওপর হামলা চালান এক ব্যক্তি।
বিবিসি জানায়, হামলায় রেজর ব্লেড ব্যবহার করেছেন হামলাকারী।
তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ফল কাটার ছোট ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে।
ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, রাষ্ট্রদূতের মুখমণ্ডল ও বাম হাত দিয়ে রক্ত ঝরছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লিপার্টের জখম জীবনের জন্য ঝুঁকির মতো নয়। তাঁর অবস্থা স্থিতিশীল। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।
সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

হামলাকারী কিম কি-জংকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
হামলাকারী কিম কি-জংকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

হামলাকারীকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হামলাকারীর পরিচয় সম্পর্কে বলা হচ্ছে, তাঁর নাম কিম কি-জং (৫৫)। তিনি কোরীয় জাতীয়তাবাদী। 
ঘটনার আগে হামলাকারী দুই কোরিয়া এক হওয়া উচিত বলে স্লোগান দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বার্ষিক যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করেন তিনি। এর আগে একই ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় জাপানের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে কংক্রিট ছুড়েছিলেন।
হামলাকারী উত্তর কোরিয়ার চর কি না, এর কোনো তথ্য-প্রমাণ পাননি দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।