
দক্ষিণ কোরিয়ায় মারাত্মক মার্স ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বাড়ছেই। গতকাল বুধবার পর্যন্ত দেশটিতে এতে নয়জনের মৃত্যু হয়েছে। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পার্ক গিউন-হি তাঁর নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন। খবর এএফপির।
সংকট মোকাবিলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না—এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গিউন-হি ১৪ জুন শুরু হতে যাওয়া সফর বিলম্বিত করার সিদ্ধান্ত নিলেন। গতকাল দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে আক্রান্ত আরও দুজনের মৃত্যু এবং নতুন করে ১৩ জনের শরীরে সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ১০৮। সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়ায়ই ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়িয়েছে।
মার্সের পুরো নাম মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। এ ভাইরাসটি দক্ষিণ কোরিয়ায় গত ২০ মে প্রথম এক ব্যক্তির শরীরে শনাক্ত করা হয়। তিনি সৌদি আরব সফর করেছিলেন। ওই ব্যক্তি দেশে ফিরে একে একে চারটি চিকিৎসাকেন্দ্রে সেবা নিয়েছেন। তাঁর থেকে ওই সব চিকিৎসাকেন্দ্রের অন্য বেশ কয়েকজন রোগী ও স্বাস্থ্যকর্মীর শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। এরপর থেকে মার্সে আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছেন এমন প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তিকে অন্যদের কাছ থেকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পর মার্স ভাইরাস ওই অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে হংকংয়ে ফিরে অসুস্থ এক নারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তাঁর শরীরে মার্সের সংক্রমণ হয়েছে। হংকংয়ে আগে থেকেই ১৯ জনকে মার্স আক্রান্ত সন্দেহে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং স্থানীয় বিশেষজ্ঞরা দেশটির প্রায় আড়াই হাজার বিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্স সংক্রমণের আশঙ্কায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা গতকাল বলেন, ওই জীবাণু ছড়ানোর জন্য বিদ্যালয়গুলোর কোনো ভূমিকা ছিল না। কেবল হাসপাতালগুলোতেই এর সংক্রমণ হয়েছে।