দ. কোরিয়ার গোয়েন্দা প্রধানকে 'প্রত্যর্পণের' দাবি উত্তরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের নেতা কিম জং-উনকে ‘হত্যার ষড়যন্ত্রের’ অভিযোগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধানকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গত সপ্তাহে অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) মিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে জৈব-রাসায়নিক উপাদানের মাধ্যমে হামলা চালিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে।
পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে কিম জং-উনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলে উত্তর কোরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে দেশটি ষষ্ঠ পরমাণু পরীক্ষা বা আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর কোরিয়া সরকার গত বৃহস্পতিবার কিমকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ‘সন্দেহভাজন সন্ত্রাসীদের’ ফেরত দেওয়ার দাবি জানায়। তখন কোনো নাম উল্লেখ করা হয়নি। তবে এরপর গতকাল শুক্রবার দেশটির কেন্দ্রীয় অভিযোক্তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, হত্যা ষড়যন্ত্রের হোতাদের মধ্যে আছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান লি বাইয়ুং-হো, দক্ষিণ কোরিয়ার দুজন গোয়েন্দা ও একজন চীনা নাগরিক। বিবৃতিতে অভিযুক্ত এসব ব্যক্তিকে অবিলম্বে উত্তর কোরিয়ার কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বলা হয়, উত্তর কোরিয়ার ফৌজদারি আইন অনুযায়ী এসব সন্দেহভাজন ব্যক্তিকে ভয়ানক শাস্তি পেতে হবে।
লি বাইয়ুং-হো দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা এনআইএসের বিদায়ী প্রধান। দেশটির নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন তাঁর একজন উত্তরসূরি নিয়োগ দিয়েছেন। তবে সেই উত্তরসূরির মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত লি তাঁর পদে বহাল থাকছেন।
সিআইএ ও এনআইএস উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।