দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অস্বস্তিতে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট নির্বাচনে সিউলের একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এই ভোটার। ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট নির্বাচনে সিউলের একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এই ভোটার। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার ভোটাররা আজ মঙ্গলবার দেশের নতুন প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন। স্থানীয় সময় সকাল ছয়টায় দেশজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এরপর ভোট গণনা শুরু হবে। তবে চূড়ান্ত ফলাফল আগামীকাল সকালের আগে জানা যাবে না।

চার কোটির বেশি বৈধ ভোটদাতার মধ্যে প্রায় ২৬ শতাংশ গত সপ্তাহান্তে আয়োজিত আগাম ভোটদান ব্যবস্থায় ভোট দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানা কারণে দেশের ভেতরে ও বাইরে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে। প্রথমত, অভিশংসন-প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক কুন-হিয়ের নির্বাচিত উত্তরাধিকারী দেশকে কোন পথে নিয়ে যান, তা দেখার অপেক্ষায় অনেকে আছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দেশের সম্পর্ক এবং উত্তর কোরিয়া প্রসঙ্গে কোন অবস্থান নতুন প্রেসিডেন্ট গ্রহণ করেন, তার ওপর আঞ্চলিক রাজনীতির ভারসাম্য অনেকটা নির্ভরশীল হতে পারে বলে দক্ষিণ কোরিয়ার দুই ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও জাপানের নীতিনির্ধারকেরা নির্বাচনের ফলাফল কোন দিকে যায় তার ওপর সজাগ নজর রেখে যাচ্ছে।

সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কোরিয়া ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মানবাধিকার আইনজীবী মুন জে-ইন অন্য প্রার্থীদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন এবং অনেকেই তাঁকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন। নির্বাচনে মুন বিজয়ী হলে দক্ষিণ কোরিয়ার বিদেশনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন। বিশেষ করে উত্তর কোরিয়া বিষয়ে সাবেক দুই প্রেসিডেন্ট কিম দে জুং ও নো মু হিউনের অনুসৃত ‘সূর্যালোক নীতি’তে ফিরে যাওয়ার বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত তিনি দিয়েছেন। সেই নীতির আওতায় সংঘাতপূর্ণ বাগাড়ম্বরের পথ পরিহার করে বরং পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপে জড়িত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। মুনের অনুসারীরা বলছেন, সম্ভাব্য বিধ্বংসী সংঘাতে জড়িত হওয়া থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে হলে সংলাপের কোন বিকল্প নেই। এই প্রশ্নে অবশ্য অন্য দুই প্রধান প্রার্থীর অবস্থান কিছুটা ভিন্ন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের বেলাতেও ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর সঙ্গে মধ্য বামপন্থী পিপলস পার্টির প্রার্থী আন চোল-সু এবং রক্ষণশীল লিবার্টি কোরিয়া পার্টির প্রার্থী হং জুন-পিয়োর অবস্থানগত পার্থক্য স্পষ্ট। মুন দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অগ্রসর থাড ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা বসানোর খোলামেলা সমালোচনা না করলেও তিনি যে এর উচ্চকণ্ঠ সমর্থক নন, আকার-ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিয়েছেন। তবে অন্য দুই প্রার্থী থাডের মোতায়েনের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেননি, বরং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, যুক্তরাষ্ট্র সেই ব্যয়ভার বহন করলে থাড মেনে নেওয়ার আভাস তাঁরা দিয়েছেন।

তবে নেতৃস্থানীয় তিন প্রার্থীর মধ্যে দক্ষিণ কোরিয়ার অন্য দুই প্রতিবেশী দেশ চীন ও জাপানের সঙ্গে দেশের সম্পর্কের প্রশ্নে খুব বেশি দূরত্ব লক্ষ করা যায়নি। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ তিনজনই তাঁরা দেখিয়েছেন এবং তিনজনই বলেছেন, নির্বাচিত হলে জাপানের সঙ্গে দেশের সম্পর্কের কয়েকটি দিক, বিশেষ করে কোরিয়া উপদ্বীপ জাপানের উপনিবেশ থাকা অবস্থায় জাপানি সৈন্যদের জন্য যৌনসেবা প্রদানে বাধ্য করা কোরীয় রমণীদের বিষয়টির সম্মানজনক নিষ্পত্তির লক্ষ্যে নতুন উদ্যোগ তাঁরা নেবেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে চলা সেই সমস্যা চূড়ান্তভাবে সমাধান করে নিতে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে জাপানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন, দক্ষিণ কোরিয়ায় পরবর্তী সময়ে সেটা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেওয়ায় তিন অগ্রবর্তী প্রার্থীর কেউই সেই চুক্তি সমর্থন করে যাওয়ার কথা এখন আর বলছেন না। ডেমোক্রেটিক পার্টির মুন বলেছেন, চুক্তির কিছু কিছু শর্তা পুনর্নির্ধারণ করে নিতে নতুন আলোচনার প্রস্তাব তিনি দেবেন। অন্য অগ্রবর্তী প্রার্থীরাও অনেকটা একই সুরে কথা বলায় জাপানে এ নিয়ে যথেষ্ট অস্বস্তি দেখা দিয়েছে।

ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের সারি। ছবি: এএফপি
ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের সারি। ছবি: এএফপি

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার মনে করছে, নিষ্পত্তি হয়ে যাওয়া একটি বিষয় আবারও জনগণের সামনে উত্থাপন করার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রার্থীরা হাওয়া বুঝে আওয়াজ দিচ্ছেন এবং লোকরঞ্জনবাদের দিকে ধাবিত হচ্ছেন। এ ছাড়া উত্তর কোরিয়া প্রসঙ্গেও কট্টর অবস্থান ধরে রাখতে জাপান উৎসাহী। ফলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে জয়লাভ করলে জাপানের জন্য সেটা বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দেখা দিতে পারে।

দক্ষিণ কোরিয়ার আজকের প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রার্থীই জয়লাভ করুন না কেন, জাপানের জন্য আশাবাদী হওয়ার খুব বেশি সুযোগ তিনি করে দেবেন বলে মনে হয় না। ফলে টোকিও-সিউল সম্পর্কে অচলাবস্থা দেখা না দিলেও নতুন প্রশাসনের সূচনার দিনগুলোতে অন্তত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আবারও গড়ে নেওয়ার সুযোগ তেমন থাকবে না। তবে সময়ের প্রবাহ দুই প্রতিবেশীকে আবারও কাছে নিয়ে আসবে, তেমনটাই মনে করছেন পূর্ব এশিয়ার ঘটনাপ্রবাহের ওপর নজর রেখে যাওয়া অনেক বিশ্লেষক।