দ. কোরিয়ার সঙ্গে সময় মিলিয়ে ঘড়ির কাঁটা পিছিয়ে নিল উ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তের শূন্যরেখা সামনে রেখে অপেক্ষায় ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন (ডানে)। হাত বাড়িয়ে এগিয়ে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সাড়ে ছয় দশক পর সাক্ষাৎ হয় দুই কোরিয়ার নেতাদের। এএফপি ফাইল ছবি।
সীমান্তের শূন্যরেখা সামনে রেখে অপেক্ষায় ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন (ডানে)। হাত বাড়িয়ে এগিয়ে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সাড়ে ছয় দশক পর সাক্ষাৎ হয় দুই কোরিয়ার নেতাদের। এএফপি ফাইল ছবি।


দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিল রেখে এবার সময়ও বদল করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে উত্তর কোরিয়ার ঘড়ির কাঁটা ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়। ফলে ওই সময়ই মধ্যরাত আসে উত্তর কোরিয়ায়।

গত সপ্তাহে দুই কোরিয়ার ঐতিহাসিক সম্মেলনের ধারাবাহিকতায় এই সময় বদলানো হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম। কেসিএনএ সংবাদ সংস্থা বলছে, দুই কোরিয়ার এক হওয়ার পথে এটি প্রথম বাস্তব পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে তাঁর বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের বলেন, ‘আমাদের বৈঠকের দিন ও স্থান ঠিক হয়েছে। শিগগিরই এটি ঘোষণা করা হবে। এই বৈঠকে সুফল আসবে বলে তিনি আশা করেন।’

২২ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তাঁর সঙ্গে এই বৈঠক নিয়ে আলোচনা হবে।

পিয়ংইয়ংয়ের সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের তুলনায় আধা ঘণ্টা পেছানো ছিল। ২০১৫ সালে উত্তর কোরিয়া ‘খল জাপানি সাম্রাজ্যবাদীদের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে অতিরিক্ত ৩০ মিনিটের বিষয়টি তুলে ধরে। কোরীয় উপত্যকা জাপানের অধীনে থাকার সময় টোকিওর সঙ্গে মিল রেখে উত্তর কোরিয়ার সময় বদলানো হয়। দক্ষিণ কোরিয়া গ্রিনিচ সময় থেকে ৯ ঘণ্টা এগিয়ে। ১৯৫০ সালে জাপানের সময় থেকে দক্ষিণ কোরিয়াও সরে আসে। তবে ১৯৬০ সালে দেশটি আবার পুরোনো সময়ে ফিরে যায়।

সম্প্রতি দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে বৈঠক হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের। সেখানেই দুই কোরিয়ার ঘড়ি রাখা হয়েছে।

গত ২৭ এপ্রিল দুই কোরীয় নেতার মধ্যে বৈঠক হয়। কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একমত হয় উত্তর ও দক্ষিণ কোরিয়া। এ ছাড়া ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে জারি থাকা যুদ্ধবিরতিকে একটি শান্তিচুক্তিতে রূপান্তরিত করার বিষয়েও মতৈক্যে পৌঁছান তাঁরা।


দুই কোরিয়ার শত্রুতাপূর্ণ সম্পর্কের অবসানের পেছনেও কিম জং-উনের বোন কিম ইউ-জং কলকাঠি নেড়েছেন বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ায় কিম জং-উনের পর ৩০ বছর বয়সী ইউ-জংই সবচেয়ে ক্ষমতাধর বলে ধারণা করা হয়। আবার দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধান সুহ হুনের ভূমিকা রয়েছে বলেও মনে করা হয়।