দ. কোরিয়ায় সফরে হংকং-এর রেড অ্যালার্ট
দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করেছে হংকং। দেশটি দক্ষিণ কোরিয়ায় তাঁর নাগরিকদের সব ধরনের ভ্রমণ বাতিল করার পরামর্শ দিয়েছেন। এর অর্থ হলো দক্ষিণ কোরিয়ায় পর্যটন শিল্প বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরই মধ্যে দক্ষিণ কোরিয়ায় মার্সে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে আছেন ৯৫ জন। মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা মার্স এই প্রথম সৌদি আরবের বাইরে এত ব্যাপক পরিসরে ছড়িয়েছে।
দক্ষিণ কোরিয়ায় ২০ মে মার্স ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি চিহ্নিত হন। তিনি ব্যবসায়িক কাজে সৌদি আরবে গিয়েছিলেন। ২০১২ সালে সৌদিতে প্রথম এ ভাইরাস শনাক্ত হয়।
রেল অ্যালার্ট হংকং-এ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। তাই দেশটির সরকার অবসর ছুটিসহ খুব বেশি প্রয়োজন না হলে লোকজনকে দক্ষিণ কোরিয়া যেতে নিষেধ করেছে।
খাদ্য ও স্বাস্থ্য ব্যুরোর সচিব কো-উইং ম্যান বলেন, হংকং ও দক্ষিণ-কোরিয়ার লোকজন এ দু দেশে খুব ঘন ঘন যাতায়াত করে। তাই এ সতর্কতা জারি করা হয়েছে।
২০০৩ সালে হংকং-এ সিভারি অ্যাকুইট রেসপাইরেটরি সিনড্রোম (সার্স) মহামারি আকার ধারণ করে। দক্ষিণ চীনের এক চিকিৎসকের মাধ্যমে হংকং-এ ভাইরাস ছড়িয়ে পড়েছিল।
কোরিয়া পর্যটন সংস্থা (কেটিও) জানিয়েছে, প্রায় সাত হাজার পর্যটক দক্ষিণ কোরিয়ায় তাঁদের পরিকল্পিত ভ্রমণ বাতিল করেছেন। এই পর্যটকদের অধিকাংশই চীন ও তাইওয়ানের।
ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, মার্স ভাইরাস ছড়িয়ে পড়ায় কোরিয়ায় প্রায় ১৯ শ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ পর্যন্ত বিশ্বের ২২টি দেশে এক হাজার ১৬১ জন এ ভাইরাসে আক্রান্ত রোগী সবচেয়ে বেশি প্রাদুর্ভাব সৌদি আরবে। এই ভাইরাসের কোনো চিকিৎসা বা টিকা নেই। ভাইরাসটি প্রাণঘাতী বলে বিবেচিত।
মার্স করোনা ভাইরাসের বিপরীতে এখনো অ্যান্টিভাইরাস ও কার্যকর টিকা আবিষ্কৃত হয়নি। নেই কোনো সুনির্দিষ্ট চিকিৎসা।
আরও পড়ুন...