দ. চীন সাগরে মার্কিন বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় চীনের তৈরি কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে দুটি মার্কিন বোমারু বিমান উড়ে গেছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে। ওই সময় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেয় চীন। খবর এএফপি ও বিবিসির।
গত মাসের শেষ দিকে ইউএসএস লাসেন নামে যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার চীনের ওই কৃত্রিম দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে অতিক্রম করে। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।
উত্তেজনার মধ্যেই মার্কিন বি-৫২ বোমারু বিমান দক্ষিণ চীন সাগরের ওই এলাকা অতিক্রম করল। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার বিল আরবান বলেন, গুয়াম থেকে দুটি বোমারু বিমান উড্ডয়ন করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরের আকাশে গিয়ে আবারও ফিরে আসে। এ সময় চীনের কাছ থেকে দুবার হুঁশিয়ারি পায় যুক্তরাষ্ট্র। যদিও বিমান দুটি চীনের জলসীমার ১৫ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করেনি। আন্তর্জাতিক আইন মেনেই বিমান দুটি নিয়মিত অভিযানে অংশ নেয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিপাইনে আসন্ন অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার কয়েক দিন আগে এ ঘটনা ঘটল। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও যোগ দেওয়ার কথা রয়েছে।