দক্ষিণ কোরীয়দের কেসং ছাড়ার নির্দেশ দিল উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সব নাগরিককে অবিলম্বে উত্তর কোরিয়ার কেসং শিল্পাঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পিয়ংইয়ং। একই সঙ্গে এখানকার সব স্থাপনা-উপকরণ জব্দেরও ঘোষণা দিয়েছে কমিউনিস্ট রাষ্ট্রটি। খবর এএফপি ও রয়টার্স।
গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার এই নির্দেশ ও ঘোষণার আগের দিনই দেশটির বিরুদ্ধে সম্প্রতি তার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের জবাবে নতুন করে অবরোধ আরোপের কথা ঘোষণা করে জাপান। জাপানের এই ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে উত্তর কোরিয়ায় যৌথভাবে পরিচালিত গুরুত্বপূর্ণ কেসং শিল্পপার্কের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার কথা জানায় দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া গতকাল বলেছে, শিল্পপার্কটিতে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্তটি ‘যুদ্ধ ঘোষণার শামিল’। এ পদক্ষেপেরই পাল্টা জবাব হিসেবে উত্তর কোরিয়া কেসং থেকে দেশটির সব কর্মীকে চলে যাওয়ার নির্দেশ ও শিল্পাঞ্চলের উপকরণ জব্দের ঘোষণা দিয়েছে বলে মনে করা হচ্ছে। এ ঘোষণা দিয়েছে দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ-সংক্রান্ত উত্তর কোরীয় ‘কমিটি ফর দ্য পিসফুল রি-ইউনিফিকেশন অব কোরিয়া’।
উত্তর কোরিয়ার গৃহীত এ পদক্ষেপের কথা জানিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, শিল্পপার্কটিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে।
শিল্পপার্কটিতে সব রকম কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে বুধবার সিউল বলেছিল, পিয়ংইয়ং যাতে তার বিনিয়োগ সুবিধা নিতে না পারে, সেটাই এ পদক্ষেপের লক্ষ্য। উত্তর কোরিয়ার দক্ষিণে কেসং শহরের শিল্পপার্কটি ছিল এ দুই দেশের মধ্যে সহযোগিতার সর্বশেষ ক্ষেত্র। পিয়ংইয়ংয়ের রাজস্ব আয়ের অন্যতম উৎসও ছিল এটি।
প্রথমবারের মতো সফল হাইড্রোজেন বোমা পরীক্ষার এক মাস পর উত্তর কোরিয়া গত রোববার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়। তবে দেশটির দাবি, সফলভাবে পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে তারা।