দক্ষিণ চীন সাগর : চীনের বিরুদ্ধে মামলায় জয়ী ফিলিপাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরে চীনের মালিকানা দাবি করার বিরুদ্ধে আদালতে গিয়ে জয়ী হয়েছে ফিলিপাইন। নেদারল্যান্ডসে অবস্থিত সালিসি আদালতে (পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন) রায় দিয়েছেন ফিলিপাইনের পক্ষে।

চীন অবশ্য আগেই ঘোষণা দিয়েছিল, ওই আদালতের রায় মানবে না বেইজিং। রায়ের পর দেশটি বলছে, এই রায় ‘অমূলক’। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় বলা হয়েছে, ওই প্যানেলের এই রায় ঘোষণার এখতিয়ার নেই।...এই রায় মানতে তারা বাধ্য নয়।
সালিসি আদালতের রায়ে বলা হয়, দক্ষিণ চীন সাগর ও এর সম্পদের ওপর ঐতিহাসিকভাবে চীনের একক নিয়ন্ত্রণ ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায় না।
ফিলিপাইনের আইনজীবী ফিলিপ স্যান্ডস বলেন, আদালত সর্বসম্মতিক্রমে সুনির্দিষ্ট রায় দিয়েছেন। এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং ফিলিপাইন যে অধিকার দাবি করছিল তা নিশ্চিত হয়েছে।
আদালতের এই রায়ের আগে দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে সামরিক মহড়া চালাচ্ছিল, যার জবাবে যুক্তরাষ্ট্র ওই এলাকায় একটি বিমানবাহী রণতরি ও কয়েকটি যুদ্ধবিমান পাঠায়। অনেক বছর ধরেই দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ​চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধ চলছে।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাকেই নিজেদের বলে দাবি করে থাকে বেইজিং। তবে খনিজসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর সাগরটির ৩৫ লাখ বর্গকিলোমিটার এলাকায় চীনের পাশাপাশি ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়ারও দাবি রয়েছে।
সাগরটির বিরোধপূর্ণ এলাকায় অবস্থিত স্কারবরো ‘চরা’ ও স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের কয়েকবার কূটনৈতিক বিরোধও হয়েছে। ম্যানিলার বক্তব্য, সাগরটিতে দাবি প্রতিষ্ঠায় চীনের কথিত ‘নাইন-ড্যাশ লাইন’ জাতিসংঘের সমুদ্রবিষয়ক সনদের আওতায় অবৈধ। ওই সনদে দুটি দেশই স্বাক্ষর করেছে।
তবে সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে বেইজিং বিরোধপূর্ণ ওই সাগরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে তারা ওই সাগরে অন্তত সাতটি কৃত্রিম দ্বীপ নির্মাণের কাজ শুরু করে।