দক্ষিণ চীন সাগরে চীনা তৎপরতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরির চীনা তৎপরতায় উদ্বেগ জানিয়েছেন। গতকাল শনিবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন কেরি।
সম্প্রতি স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এলাকায় চীন সাগর ভরাট করে সামরিক বিমান পরিবহনের উপযোগী রানওয়ে তৈরি করছে।
আঞ্চলিক পরাশক্তি চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অঞ্চলেরই মালিকানা দাবি করে। তবে গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ এই সাগরের বিভিন্ন অংশ নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও অধিকার দাবি করে আসছে।
জন কেরি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি চীনের কাছে এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে চাই। এর ফলে সমস্যার কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উজ্জ্বল হবে।’
জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বলেন, নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এবং রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রাখতে চীন বদ্ধপরিকর। এর কোনো ব্যত্যয় হবে না।’