দক্ষিণ চীন সাগরে নিজেদের হিস্যার কথা তুলবেন দুতার্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রদ্রিগো দুতার্তে
রদ্রিগো দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গতকাল রোববার বলেছেন, তিনি চীন সফরকালে চীনের নেতার সঙ্গে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত একচ্ছত্র শাসনের বিষয়টি তুলবেন। সেখানে চীন সাগরে নিজের দেশের হিস্যার কথাও তুলবেন। পাশাপাশি দুতার্তে আন্তর্জাতিক আদালতে তাঁদের পক্ষে দেওয়া রায় থেকে বিচ্যুত না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিজ শহর দাবাওতে এক সংবাদ সম্মেলনে দুতার্তে স্বীকার করেন, চীনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেশটির সমুদ্রসীমার সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে—এমন উদ্বেগ তাঁর দেশের ভেতরে রয়েছে। তবে তেমন কিছু ঘটবে না বলে তিনি আশ্বস্ত করেন।
গত জুলাইয়ে দক্ষিণ চীন সাগরের সিংহভাগের ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি হেগের আদালত খারিজ করে দেন। নালিশি মামলাটি করেছিল ফিলিপাইন। আদালত ফিলিপাইনের পক্ষে রায় দেন। তবে চীন ওই রায়কে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে। হেগের এই আদালতের রায় মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় কার্যকর করার কোনো ক্ষমতা আদালতের নেই।
দুতার্তে বলেছেন, চলতি সপ্তাহে তাঁর বেইজিং সফরকালে ওই রায়ের বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এ নিয়ে তিনি কঠোর দেনদরবার করবেন না। তিনি বলেন, ‘আমরা এটা বোঝানোর চেষ্টা চালিয়ে যাব যে বিষয়টি আমাদের নিজেদের এবং আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মেনে চলা উচিত।’