দক্ষিণ চীন সাগরে প্রতিরক্ষা অঞ্চল গড়তে চায় চীন
দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলার অধিকার চীনের রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপের ওপর চীনের ‘ঐতিহাসিক অধিকারের’ দাবির কোনো আইনি ভিত্তি নেই, আন্তর্জাতিক একটি আদালত এমন ঘোষণা দেওয়ার একদিনের মধ্যে এমন মন্তব্য করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝ্যানমিন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে আসছে চীন। খনিজসম্পদের প্রাচুর্যে ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। সেখানকার দ্বীপগুলোর ওপরও মালিকানা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে চীন। বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে চীনের বিরোধ আছে।
চীন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা আন্তর্জাতিক আদালতের রায় মানবে না। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকারের বিষয়ে এই রায় কোনো প্রভাব ফেলবে না।
গতকাল উপপররাষ্ট্রমন্ত্রী লিউ ঝ্যানমিন বলেন, ‘দক্ষিণ চীন সাগরের আকাশে প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করার অধিকার চীনের আছে। আমাদের নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা সেখানে এ রকম একটি ব্যবস্থা গড়ে তুলব।’ তিনি বলেন, এ রকম কোনো ব্যবস্থা গড়ে তোলা নির্ভর করে চীন কতটা হুমকির সম্মুখীন হচ্ছে তার ওপর।