দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরি টহল দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গত শনিবার এ খবর দিয়েছে। এর এক দিন আগেই বেইজিং তাদের সমুদ্রসীমার সার্বভৌমত্বে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে ওয়াশিংটনের উদ্দেশে আহ্বান জানিয়েছিল।
বিভিন্ন সম্পদে সমৃদ্ধ ওই সাগরের প্রায় পুরোটাই চীন নিজেদের বলে দাবি করে। এ নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে বেইজিংয়ের বিরোধ রয়েছে। এমন পরিস্থিতিতে চীন দ্রুত সেখানকার বেশ কিছু অংশে মাটি ভরাট করে কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক বিমান অবতরণের ব্যবস্থা করেছে।
মার্কিন নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী ইউএসএস কার্ল ভিনসন নামের রণতরির একটি বহর দক্ষিণ চীন সাগরে নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছে। এসব যুদ্ধজাহাজ ও বিমান হাওয়াই দ্বীপপুঞ্জ এবং গুয়াম এলাকায় সম্প্রতি মহড়া দিয়েছে। এসব কার্যক্রম পরিচালনার নেতৃত্বে রয়েছেন রিয়ার অ্যাডমিরাল জেমস কিলবি। তিনি বলেন, তাঁরা নিজেদের সামর্থ্যের প্রদর্শনীর মাধ্যমে ইন্দো-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্র ও অংশীদার দেশগুলোর সঙ্গে বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করার চেষ্টা করছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানগুলোকে দক্ষিণ চীন সাগরে অবাধে মহড়ার সুযোগ দিয়েছে। তবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা খর্ব করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে।
মার্কিন নৌবাহিনী জানায়, ভিনসন তার ৩৫ বছরের ইতিহাসে ১৬ বার দক্ষিণ চীন সাগরে মহড়া দিয়েছে। বিরোধপূর্ণ সমুদ্রসীমা এলাকায় এটি প্রবেশ করেনি বলে ওয়াশিংটন দাবি করলেও বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, রণতরি ও যুদ্ধবিমানগুলো অবাধে চলাফেরা করেছে। এতে বেইজিং ক্ষুব্ধ হয়েছে।
রয়টার্স জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অত্যাধুনিক মার্কিন ব্যবস্থা মোতায়েনে বেইজিংয়ের উদ্বেগের বিষয়ে সম্মান দেখাতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রতিরক্ষার প্রয়োজন আছে—এটা চীন বুঝতে পারছে।
সিউলের কর্তৃপক্ষ চলতি বছরের শেষের দিকে মার্কিন টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স প্রযুক্তি মোতায়েনের পরিকল্পনা করেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এটাকে উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধের কৌশল বলে দাবি করলেও চীন বরাবরই বিরোধিতা করে আসছে।