দক্ষিণ নেপালে আবার সংঘর্ষ, দুদিনে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ নেপালে গত রোববার নতুন সংবিধান নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী প্রাণ হারান। এ নিয়ে গত শনিবার থেকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা চার। সংঘর্ষে গত দুই দিনে পুলিশসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। খবর বিবিসি ও এএফপির।
দক্ষিণ নেপালের রাজবিরাজ শহরে রোববার ব্যাপক বিক্ষোভ হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হন। শনিবার রাতে সপ্তরি জেলায় বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আরও তিন বিক্ষোভকারী।
রোববারের ঘটনায় আহত বিক্ষোভকারীদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে গুলিবিদ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ধরন শহরের বি পি কৈরালা হাসপাতালের চিকিৎসক প্রকাশ ভট্টরাই বলেন, নিহত চার বিক্ষোভকারীর সবাই গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ বলেছে, সাম্প্রতিক এই সংঘর্ষে তাদের ২৪ জনের বেশি সদস্য আহত হয়েছেন।
মদেশীয় বিক্ষোভকারীরা নতুন সংবিধানের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে দুই মাস ধরে নেপাল-ভারত সীমান্ত অবরোধ করে রেখেছেন। এ কারণে নেপালে জ্বালানি, ওষুধসহ অপরিহার্য পণ্যের তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু মদেশীয়রা মূলত নেপালের দক্ষিণের সমতলের বাসিন্দা। তাঁদের শঙ্কা—নতুন সংবিধানে যেভাবে নতুন সাতটি রাজ্যের সীমানা চিহ্নিত করা হয়েছে, তা তাদের রাজনৈতিকভাবে আরও প্রান্তিক অবস্থার দিকে ঠেলে দেবে। নতুন সংবিধানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন দেশটিতে।