দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিক্ষোভ
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের দমন-পীড়নের প্রতিবাদে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গতকাল শুক্রবার বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শকসহ গুরুত্বপূর্ণ পদে থাকা শান্তিতে নোবেল বিজয়ী অং
সান সু চিকে তাঁর নীরবতার জন্য তিরস্কার করে। সেই সঙ্গে সরকারের প্রতি রোহিঙ্গাদের ওপর হামলাকারীদের ধরারও আহ্বান জানায়।
রাখাইন রাজ্যে মিয়ানমারের সরকারি বাহিনীর সাম্প্রতিক দমন-পীড়নে কমপক্ষে ৮৬ জন রোহিঙ্গা নিহত হয়েছে। সহিংসতায় ঘরছাড়া হয়েছে প্রায় ৩০ হাজার।
এই নির্যাতনের প্রতিবাদে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বেশ কয়েক শ রোহিঙ্গা মিছিল করেছে।
কুয়ালালামপুরের বিক্ষোভকারীরা শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চিকে তাঁর নীরবতার জন্য তিরস্কার করে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার দাবিও জানায় তারা। সেই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি হামলাকারীদের ধরারও আহ্বান জানায়।
জাকার্তায় বিক্ষোভকারীরা অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গাদের বিষয়ে উদ্বেগ জানাতে মালয়েশিয়ায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হবে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা গত বৃহস্পতিবার বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিতে সংস্থাটি মালয়েশিয়ার সঙ্গে একটি পাইলট প্রকল্প নিয়ে কাজ করছে।