দণ্ডিত দুই জঙ্গিকে ফাঁসি দিল জর্ডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইলট মাজ আল-কাসাবে (ওপরে) ও জঙ্গি সাজিদা আল-রিশাবি
পাইলট মাজ আল-কাসাবে (ওপরে) ও জঙ্গি সাজিদা আল-রিশাবি

জর্ডান দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দণ্ডিত নারীসহ দুই জঙ্গির ফাঁসি কার্যকর করেছে। চরমপন্থী সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জর্ডানের বিমানবাহিনীর পাইলট লে. মাজ আল-কাসাবেকে হত্যার কথা জানানোর পর এদের ফাঁসি দেওয়া হলো। পাইলট কাসাবেকে আইএসএর নির্মমভাবে পুড়িয়ে হত্যা করার খবর প্রকাশ পেলে সরকারের ওপর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
জর্ডানের কারাগারে বন্দী থাকা আল-কায়েদার দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয় গতকাল বুধবার ভোরে। এদের একজন আত্মঘাতী হামলায় বেঁচে যাওয়া নারী জঙ্গি সাজিদা আল-রিশাবি। আরেকজন জিয়াদ কারবোলি।
আটক পাইলট মাজকে ফেরত পেতে নারী জিহাদি রিশাবিকে আইএসের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিল জর্ডান। তবে আইএস রিশাবির বদলে তাদের হাতে বন্দী জাপানি সাংবাদিক কেনজি গোতোকে ছেড়ে দেওয়ার ওপর জোর দিচ্ছিল। সর্বশেষ চার দিন আগে গোতোকে গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস। জর্ডানের সরকার গতকাল বলে, আইএস মিথ্যা কথা বলেছিল। তারা পাইলট মাজকে আসলে এক মাস আগেই ৩ জানুয়ারি হত্যা করেছিল। এ বিষয়টি সন্দেহ করেই জর্ডান সরকার পাইলট কাসাবে যে জীবিত আছেন তার প্রমাণ চাইছিল। কিন্তু আইএস তা দেয়নি।
ফাঁসি হওয়া রিশাবি ও কারবোলি দুজনই ইরাকি নাগরিক। রিশাবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ২০০৫ সালে জর্ডানের রাজধানী আম্মানে বোমা হামলার দায়ে। ওই হামলায় ৬০ জন নিহত হয়। ২০০৮ সালে এক জর্ডানি নাগরিককে হত্যার দায়ে কারবোলিকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল।
আইএস জর্ডানি পাইলট মাজ আল-কাসাবেকে পুড়িয়ে মারার ভিডিও প্রকাশ করার কয়েক ঘণ্টা পর ওই দুজনের ফাঁসি দেওয়া হয়। গত ডিসেম্বরে আইএসবিরোধী অভিযানের সময় মাজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তাঁকে আটক করেছিল আইএস জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে আছে জর্ডান।
শাস্তি ও প্রতিশোধ: জর্ডানি পাইলট কাসাবেকে আইএস একটি খাঁচার মধ্যে বন্দী করে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করে। এই হত্যার ভিডিও প্রকাশের পর জর্ডানে তীব্র বিক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র নিহত কাসাবে ‘শহীদ হয়েছেন’ মন্তব্য করে বলেন, ‘তাঁর রক্ত বৃথা যাবে না। জর্ডানিদের হত্যার শাস্তি ও প্রতিশোধ হবে ব্যাপক।’
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ কাসাবেকে জাতীয় বীর আখ্যা দেন। তাঁর মৃত্যুর খবরে আবদুল্লাহ যুক্তরাষ্ট্র সফর কাটছাঁট করে দেশে ফেরেন।
আইএসবিরোধী জোটে জর্ডানের অংশগ্রহণের বিষয়ে দেশটিতে অনেকেরই ভিন্ন মত আছে। তবে আবদুল্লাহ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস নির্মূলে তাঁদের প্রতিশ্রুতির কথা বারবারই স্মরণ করিয়ে দিয়েছেন।
ঘটনার প্রতিক্রিয়ায় ওবামা বলেন, ‘ভিডিওটি যদি সত্যি হয়, তবে তা হবে আইএসের হিংস্রতা ও বর্বরতার আরেক নিদর্শন। এটি তাদের নীতির অন্তঃসারশূন্যতারই প্রমাণ।’
আইএস নির্মূলে আল-আজহারের সায়: ইসলাম ধর্মের বিষয়ে বিশ্বের অন্যতম শীর্ষ কর্তৃপক্ষ মিসরের খ্যাতনামা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েব আইএস জঙ্গিদের হত্যা করার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি এ আহ্বান জানান।