দাবা নিয়ে সৌদির গ্র্যান্ড মুফতির পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ দাবা খেলাকে ‘হারাম’ বলে উল্লেখ করেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। মুফতি আবদুল আজিজের এ-সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে বিনিময় হচ্ছে।
মধ্যপ্রাচ্যের মিডলইস্ট আই পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট পত্রিকা জানিয়েছে, ২০১৪ সালে সৌদি টিভির এক অনুষ্ঠানে গ্র্যান্ড মুফতি দর্শকের প্রশ্নের জবাবে এ নিয়ে মন্তব্য করেন। বৃহস্পতিবার তাঁর সেই বক্তব্য উদ্ধৃত করে কয়েকটি পত্রিকায় খবর ছাপা হয়।
ভিডিওতে দেখা যায়, দাবা খেলা শরিয়তসম্মত কি না—স্থানীয় দর্শকের এমন প্রশ্নের জবাবে গ্র্যান্ড মুফতি বলেন, দাবা খেলায় অহেতুক সময় ব্যয় হয় এবং টাকা ওড়ানোর (বাজির মাধ্যমে) সুযোগ তৈরি হয়। এই খেলা শত্রুতা ও ঘৃণা ছড়ায়।
সৌদি দাবা সমিতির আইন কমিটির সভাপতি মুসা বিন থাইলি গ্র্যান্ড মুফতির এ-সংক্রান্ত আরেকটি পুরোনো ফতোয়ার উল্লেখ করে বলেছেন, গ্র্যান্ড মুফতি মূলত বলেছেন, বাজি ধরে বা জুয়ার আদলে দাবা খেললে কিংবা নামাজ ও অন্য ধর্মীয় অনুশাসন পালনে ব্যাঘাত ঘটিয়ে দাবা খেললে তা হারাম হবে। থাইলি বলেন, সৌদির বর্তমান ধর্মীয় আইনে বাজি ধরার মাধ্যমে দাবা খেলা নিষিদ্ধ। থাইলি বলেন, গ্র্যান্ড মুফতি প্রবীণ মানুষ। তাঁর হয়তো স্মরণে নেই এখন আর আগের মতো বাজি ধরে এ খেলার প্রচলন নেই।